সমকালের দর্পণ

আমেরিকা ল্যান্ড অব দি ভ্রেব এ্যান্ড হোম অব দি ফ্রি

মেজর মোঃ এমদাদুল ইসলাম (অব.) | রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

১৮১২ সালের সেপ্টেম্বর মাসে বৃটিশরা আমেরিকার উপর বেপরোয়া বোমাবর্ষণ করে যাচ্ছিল। এই বোমাবর্ষণের মাঝেও আমেরিকান সেনানিবাস ফোর্ট ম্যাক হেনরীর উপর আমেরিকান পতাকা উড়ছিল। বিষয়টি আইনজীবী কবি ফ্রান্সিস স্কট কি’ কে দারুণভাবে অনুপ্রাণিত করে, এ থেকে তিনি রচনা করেন তার বিখ্যাত কবিতা “The Star Spangled Banner” তারকা খচিত ঝলমলে পতাকা, এই কবিতার শেষ স্তবক “Over the land of the free and the home of the brave” অর্থাৎ মুক্ত এবং সাহসী মানুষের দেশ। ১৯৩১ সালে এসে The Star Spangled Banner” হয় আমেরিকার জাতীয় সঙ্গীত। “Over the land of the free and the home of the brave” তথা মুক্ত এবং সাহসী মানুষের দেশের যথার্থ প্রতিফলন আমরা দেখি জোরান কোয়ামে মামদানীর নিউইয়র্কের মেয়র নির্বাচিত হওয়া এবং ১ জানুয়ারী ২০২৬ এ তার শপথ গ্রহণ অনুষ্ঠান। পবিত্র কোরান হাতে সিনেটর বার্ণি স্যান্ডার্সের পড়ানো শপথ বাক্য পাঠ, আমেরিকা যে মুক্ত মানুষের দেশ তার বলিষ্ঠ উদাহরণ।

৩ নভেম্বর ২৬ অনুষ্ঠিত হয়ে গেল আমেরিকার মধ্যবর্তী নির্বাচন। নির্বাচন পূর্ববর্তী সিনেট এবং প্রতিনিধি পরিষদ উভয় ক্ষেত্রে রিপাবলিকান তথা প্রেসিডেন্ট ট্রাম্পের দল সংখ্যাগরিষ্ঠ ছিল। মধ্যর্বতী নির্বাচনে ডেমোক্রেটরা ভূমিধস বিজয় লাভ করে। এ বিজয়ের ফলে বর্তমানে সিনেটে ডেমোক্রেটদের আসন ৫৪ আর রিপাবলিকানদের ৪৪, প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটদের ২৫৬ আর রিপাবলিকানদের মাত্র ১৬৬।

পর্যবেক্ষক এবং বিশ্লেষকদের অভিমত রিপাবলিকানদের এই পরাজয়ের পিছনে প্রেসিডেন্ট ট্রাম্পের ইরান যুদ্ধই মূলত দায়ী। এই যুদ্ধ জনিত কারণে জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, এর ফলশ্রুতিতে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্র্ধ্বগতি সাধারণ ভোটারদের মাঝে ক্ষোভের সৃষ্টি করে। ইতিপূর্বের গাজায় ইসরাইলীদের গণহত্যায় ট্রাম্পের প্রত্যক্ষ সমর্থন সাধারণ মানুষের এই ক্ষোভে ইন্ধন যোগায়। একই সাথে যোগ হয় ট্রাম্প পরিবারের ব্যাপক দুর্নীতির অভিযোগ। বিশেষ করে ট্রাম্প এর মেয়ের জামাই কুশনারের নানা অপকর্ম। পেশাগত বা অভিজ্ঞ কূটনীতিক না হয়েও কূটনৈতিক অঙ্গনে ব্যাপক হস্তক্ষেপ, আলবেনিয়ান দ্বীপ দখলে নিয়ে সেখানে রির্সোট তথা অবকাশ যাপন কেন্দ্র নির্মাণের উদ্যোগ, এটি ঘিরে আলবানিয়ার রাজধানী তিরানায় ব্যাপক আমেরিকা বিরোধী বিক্ষোভ, আমেরিকান সাধারন ভোটার রা সহজভাবে গ্রহণ করেনি। সৌদি প্রিন্স এর কাছ থেকে অর্থ গ্রহণ, কাতারের আমীরের কাছ থেকে বিলাস বহুল বিমান উপটৌকন হিসাবে গ্রহণ, সংযুক্ত আরব আমিরাতের সাথে ক্রিপ্টো কারেন্সীতে বিনিয়োগ সব মিলিয়েও আমেরিকান সাধারণ ভোটাররা প্রেসিডেন্ট তথা রিপাবলিকানদের থেকে মুখ ফিরিয়ে নেয়।

আবদুর রহমান মোহাম্মদ আবদুল আল সাইদ। আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য মিসিগান। এখান থেকে সিনেটে ডেমোক্রেটদের প্রার্থী হন আল সাইদ। ইতিপূর্বে প্রাইমারীতে অপর ডেমোক্রেটিক প্রার্থী হ্যালি ভ্যান্সকে পরাজিত করে আল সাইদ তার চুড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করেন। উল্লেখ্য এই প্রাইমারী তথা প্রাথমিক নির্বাচনে হ্যালি ভ্যান্স এর পক্ষে ইহুদি লবী প্রায় ৭০ (সত্তর) মিলিয়ন ডলার খরচ করে তাপরও তারা হ্যালি ভ্যান্স কে জয়যুক্ত করতে ব্যর্থ হয়। প্রাথমিক নির্বচনী বৈতরণী পার হওয়ার পর চুড়ান্ত নির্বাচনী লড়াইয়ে আল সাইদ রিপাবলিকানদের তোপের মুখে পড়েন। এ তোপ দাগার নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তিনি আল সাইদকে ইসলামী ব্রাদার হুডের সদস্য, কমিউনিস্ট এবং চরমপন্থী হিসাবে আখ্যায়িত করেন।

ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স আল সাইদকে নিয়ে এখানে থেমে থাকেননি। ২০২৬ এর মার্চে ‘টেম্পল ইসরাইল’ নামক ইহুদিদের এই উপাসনালয় আক্রমণকারী আইমান গাজ্জালীর প্রতি সহানুভূতিশীল বলেও অভিযোগ উত্থাপন করেন। যদিও এফ বি আই কর্তৃক পরিচালিত তদন্তে ইতিমধ্যে এটি হিজবুল্লাহ কর্তৃক ইহুদিদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পরিচালিত বলে প্রমাণিত হয়েছে।

ঘটনা এখানে শেষ হয়নি এবার প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প আবদুল আল সাইদ নামটি নিয়ে ব্যঙ্গ করে, অঙ্গ ভঙ্গি করে তুচ্ছ তাচ্ছিল্য প্রকাশ করেন। এক পর্যায়ে বলে বসেন আল সাইদ সিনেটে নির্বচিত হলে তাকে মেটাল ডিট্‌ক্েটর এর মাধ্যমে সিনেটে প্রবেশ করতে হবে।

আল সাইদ এ কথার তড়িত উত্তর দেন। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, আমি মেটাল ডিটেক্টরের মাধ্যমে সিনেটে প্রবেশ করব যদি আপনি লাইং ডিটেক্টরের মাধ্যমে হোয়াইট হাউজে প্রবেশ করেন। দুটি বিষয় ডোনাল্ড তোমাকে মনে করিয়ে দিতে চাই, প্রথমত এপস্টিন ফাইল. দ্বিতীয়ত ২০২০ সালের নির্বাচনে কে জিতেছিল? এসব শুনে উপস্থিত জনতা উল্লাসে ফেটে পড়েন।

রিপাবলিকানরা আল সাইদকে হারাতে আরো মরিয়া হয়ে উঠে। তারা নির্বাচনের মাত্র দুইদিন আগে প্রাইমারীতে হেরে যাওয়া ডেমোক্রেটিক প্রার্থী হ্যালি ভ্যান্সকে তাদের পক্ষে ভিড়ান, অর্থাৎ হ্যালি ভ্যান্স ডেসোক্রেট হয়েও রিপাবলিকান প্রার্থী মিসিগানে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটারদের বিপুল সমর্থনে আল সাইদ বিজয়ী হন। বিজয় মঞ্চে ভাষণ দিতে গিয়ে, আল সাইদ মধুর প্রতিশোধ নেন। তিনি ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সকে উদ্দেশ্য করে বলেন, ‘জে ডি –হাবিবি’ , তিনি আরো বলেন “ দেয়ার ইজ এ ডেলিসাস রেসিপি, এ্যাকরডিং টু দি কনিস্টিটিউশনাল রেসপনসিবিলিটি হি ইজ টু কন্ডাক্ট মাই ওথ” অর্থাৎ সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী জে ডি ভ্যান্সকেই আল সাইদের শপথ গ্রহণ পরিচালনা করতে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে আল সাইদ বলেন “ ডোনাল্ড ইউ আর ফেইসিং প্রবলেম, সো বেটার ইউ কল মি সিনেটর” সব কিছু মিলিয়ে মিসিগানের নির্বাচন আমেরিকান ভোটারদের সাথে সারা বিশ্বের মানুষও উপভোগ করেছে। একটু প্রসঙ্গান্তরে যাই। আমেরিকার বিখ্যাত টাইম ম্যাগাজিনের ১২ অক্টোবর ২০২৬ সংখ্যা, প্রচ্ছদ করা হয়েছে ইউ এন প্যাসিফিক কমান্ডার এ্যাডমিরাল স্যামুয়েল পাপারো‘ কে নিয়ে।

এ্যাডমিরাল স্যামুয়েল পাপারো’র সৈন্য সংখ্যা ৪,০০,০০০ (চারলক্ষ)। তার অধীনে রয়েছে ২০০ (দুইশত) এর অধিক যুদ্ধ জাহাজ। ৫ (পাঁচ) টি এ্যায়ার ক্রাফ্‌ট কেরিয়ার এবং ১০০০(একহাজার) এর বেশি যুদ্ধ বিমান।

এ্যাডমিরাল স্যামুয়েল পাপারো’র দর্শন বিখ্যাত চৈনিক সমরবিদ সানজু‘র “দি আর্ট অব ওয়ার” থেকে নেওয়া উদ্ধৃতির প্রতিধ্বনি “ Mission success for me is not to fight and win a war; it is to provide a deterrent capability so that we never go  to war in the first place” “আমার লক্ষ্য যুদ্ধে জড়িয়ে যুদ্ধ জয় করা নয় বরং নিবারণমূলক ব্যবস্থার মাধ্যমে যুদ্ধ থেকে প্রতিপক্ষকে নিবৃত্ত করে রাখতে পারার মাঝেই আমার সাফল্য”। এই এ্যাডমিরাল পাপারোর দাদা এবং বাবা উভয়েই ছিলেন আমেরিকার যুদ্ধ জাহাজে সামান্য টেকনিসিয়ান। মা বিউটি পার্লারের হেয়ার ওয়াসার এবং পরবর্তীতে মেকাপওয়্যামেন। পাপারোদের পরিবারে তিনিই প্রথম গ্র্যাজুয়েট। এখানেই ল্যান্ড অব ব্রেইভ এ্যান্ড হোম ফ্রি’র মাহাত্ম্য। বলা হয় প্যাসিফিক কমান্ডার হিসাবে এ্যাডমিরাল স্যামুয়েল পাপারো‘ পৃথিবীর অর্ধেকাংশের ও বেশির উপর সামরিক ছড়ি ঘুরাচ্ছেন। সাহসী আর মুক্ত মানুষদের দেশ আমেরিকায় পাপারো‘রা ঠিকই নিজেদের স্থান করে নিচ্ছেন।

অগাস্ট ২০২৫ এ্যডমিরাল ন্যান্সি লিকোরকে ৩৫ বছর চাকরি করার পর ডিফেন্স সেক্রেটারী হেগসেথ কর্তৃক বরখাস্ত হন। মধ্যবর্তী নির্বাচনে তিনি ডেমোক্রেট প্রার্থী হিসাবে সাউথ কেবোলিনা থেকে কংগ্রেসে নির্বাচিত হয়েছেন। এখন এ্যাডমিরাল ন্যান্সি লিকোরই ডিফেন্স সেক্রেটারী হেগসেথ এর ইমপিচমেন্টের দাবী তুলেছেন।

পুনশ্চ:জে ডি –হাবিবি আমেরিকায় অন্যতম জনপ্রিয় একটি পরিধেয় হিসাবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

লেখক: প্রাবন্ধিক, কথাসাহিত্যিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, সামরিক এবং নিরাপত্তা বিশ্লেষক।

পূর্ববর্তী নিবন্ধশরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং শতবর্ষে ‘পথের দাবী’