ভালো ফলন, তবুও দাম নিয়ে দুশ্চিন্তা

রাঙ্গুনিয়ায় আগাম আমন ধান কাটা শুরু । উৎপাদন খরচ বেশি, সরকারিভাবে ধান সংগ্রহে কঠোর তদারকি দাবি

জগলুল হুদা, রাঙ্গুনিয়া | রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ১০:২৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার মাঠে মাঠে এখন সোনালী ধানের ছড়াছড়ি। আবহাওয়া অনুকূলে থাকায় এবং পোকা–মাকড়ের আক্রমণ কম হওয়ায় এবার উপজেলার বিভিন্ন এলাকায় আগাম জাতের আমন ধান কাটতে শুরু করেছেন কৃষকরা। ভালো ফলন মিললেও উৎপাদন খরচ বেশি হওয়ায় ধানের ন্যায্য দাম পাওয়া নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন তারা।

কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে রাঙ্গুনিয়া উপজেলায় মোট ১৫ হাজার ৪৫৭ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৫৫০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। এছাড়া উপজেলার ঐতিহাসিক গুমাইবিলে ৩ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে, যার মধ্যে ৫০ হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকা এবং বালাইয়ের আক্রমণ কম হওয়ায় এবার লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, এবারে ব্রি ধান–৮৭, ব্রি ধান–১০৩, স্থানীয় উন্নত জাতের সাদা পাইজাম এবং কাটারী ভোগ জাতের ধান কাটা হচ্ছে। উফশী জাতের ধান প্রতি হেক্টরে ৫.৬ থেকে ৬.২ মেট্রিক টন এবং হাইব্রিড জাতের ধান প্রতি হেক্টরে ৬.৫ থেকে ৮.৭ মেট্রিক টন পর্যন্ত উৎপাদিত হচ্ছে বলে কৃষি বিভাগ জানিয়েছে।

উপজেলার গুমাইবিলে আগাম সাদা পাইজাম জাতের ধান কেটে ঘরে তুলেছেন কৃষক নূর উদ্দিন। তিনি এবার ৬ হেক্টর জমিতে আমন আবাদ করেছেন, যার মধ্যে ১ হেক্টর জমিতে আবাদ করা সাদা পাইজাম থেকে প্রায় ৫.৫ মেট্রিক টন গড় ফলন পেয়েছেন।

পোমরা ইউনিয়নের কৃষক মঈনুদ্দিনও ৫ হেক্টর জমিতে আবাদ করে আগাম জাতের সাদা পাইজাম ধান কেটে বেশ ভালো ফলন পেয়েছেন বলে জানান। আগামী এক সপ্তাহের মধ্যে উপজেলায় পুরোদমে ধান কাটা শুরু হবে।

উপসহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার জানান, বর্তমানে বাজারে প্রতি আড়ি মোটা ধান ২২০ টাকা (১০ কেজিতে এক আড়ি) এবং চিকন ধান ২৬৫ থেকে ২৭০ টাকায় বিক্রি হচ্ছে। তবে স্থানীয় চাহিদাসম্পন্ন সাদা পাইজাম ধান প্রতি আড়ি (১০ কেজি) ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

কৃষকদের অভিযোগ, ফলন ভালো হলেও সার, বীজ, সেচের জন্য জ্বালানি তেল এবং শ্রমিকের বাড়তি মজুরির কারণে এবার উৎপাদনে খরচ অনেকটাই বেশি হয়েছে। তাদের আশঙ্কা, ধানের উপযুক্ত দাম না পেলে ক্ষতিগ্রস্ত হবেন। তাই বাজার তদারকি জোরদার করার পাশাপাশি সরকারিভাবে ধান সংগ্রহের ক্ষেত্রে প্রকৃত কৃষকরা যেন সুবিধা পান, সে বিষয়ে কঠোর তদারকির দাবি জানিয়েছেন তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. বেলাল হোসেন জানান, থেমে থেমে বৃষ্টি ও অনুকূল আবহাওয়ার কারণে এ বছর ধানের ফলন বেশ ভালো হয়েছে। কৃষকদের সার্বিক সহযোগিতায় কৃষি বিভাগ মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পুরোদমে ধান কাটা শুরু হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে স্ত্রীর মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার