হাটহাজারীতে বিয়ের আসর থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আবির হোসেন (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকার জনতা কনভেনশন হলের সামনে চট্টগ্রাম নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর আবির একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডস্থ চারিয়া পশ্চিম কুলাল পাড়ার বাসিন্দা। তার বাবার নাম বাপ্পি রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনারদিন আবির প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠানে এসে খাবার খেয়ে বাসায় ফেরার জন্য চট্টগ্রাম নাজিরহাট আঞ্চলিক সড়কে গেলে নাজিরহাটমুখী বেপরোয়া গতির অজ্ঞাত হাইচ গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয় আবির।
পরে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে ঘটনার সত্যতা স্বীকার করে নাজিরহাট হাইওয়ে পুলিশের এসআই মুস্তাফিজুর রহমান আজাদীকে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে আবিরের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক শামসুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।












