নদীর বুকজুড়ে চর, প্রবাহ হারাচ্ছে কোহেলিয়া

ফরিদুল আলম দেওয়ান, মহেশখালী | শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

পলি জমার কারণে মহেশখালীর বুক চিরে বয়ে চলা কোহেলিয়া নদী তার স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা হারাতে বসেছে। নদীর তলদেশ ভরাট হয়ে জেগে উঠছে অসংখ্য ছোট–বড় চর। ফলে বিঘ্ন হচ্ছে নৌ–চলাচল ও সংকুচিত হচ্ছে প্রান্তিক জেলেদের আয়ের উৎস।

কোহেলিয়া নদী তীরবর্তী স্থানীয় মাতারবাড়ির বাসিন্দা ও জেলেদের অভিযোগ, পলি জমার ফলে কোহেলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে নাব্যতা সংকট প্রকট আকার ধারণ করেছে। নদীর গভীরতা কমে যাওয়ায় প্রতিদিন এই নৌ রুটে চলাচলকারী লবণ পরিবহনের ছোট–বড় কার্গো ট্রলার, জেলে নৌকা এবং অন্যান্য জলযান চলাচলে ভোগান্তি বেড়েছে। বিশেষ করে জোয়ার–ভাটার ওপর নির্ভর করে নৌযানগুলোকে চলাচল করতে হচ্ছে, যা স্থানীয় অর্থনীতি এবং যোগাযোগের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন–বাপার মহেশখালী আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বলেন, অবিলম্বে নদী খনন না করলে কোহেলিয়া নদী অচিরেই তার অস্তিত্ব হারাতে পারে, যার মারাত্মক প্রভাব পড়বে স্থানীয় জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদের ওপর। নদী রক্ষা এবং নৌপথ সচল রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

মাতারবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোছাইন মাসুম বলেন, ঐতিহ্যবাহী কোহেলিয়া নদীতে যুগ যুগ ধরে অত্রাঞ্চলের শত শত মৎস্যজীবী মাছ ধরে জীবিকা নির্বাহ করত। বিভিন্ন পারিপার্শ্বিক কারণে কোহেলিয়া নদী ভরাট হয়ে অসংখ্য চর জেগে উঠেছে। জেগে উঠা চরগুলোতে প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে প্যারাবন। ফলে প্রান্তিক জেলেদের মৎস্য আহরণের ক্ষেত্রটি দিন দিন সংকুচিত হয়ে আসছে। তাই কোহেলিয়া নদী খনন করে তার নব্যতা পূর্বের ন্যায় ফিরে আনা এখন সময়ের দাবি।

মহেশখালী হোয়ানক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এনামুল করিম চৌধুরী বলেন, কোহেলিয়া এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ নদী। এই নদী দিয়ে মহেশখালী ও কক্সবাজারের অনেক মৎস্য বোঝাই নৌকা এবং লবণ পরিবহনের কার্গো ট্রলার যাতায়াত করে থাকে। জেগে ওঠা চর এবং কোহেলিয়া ব্রিজের নিচে অপরিকল্পিতভাবে দেওয়া লোহার অ্যাঙ্গেলের সাথে ধাক্কা লেগে নৌ দুর্ঘটনা ঘটে থাকে। কোহেলিয়া নদী ড্রেজিং করে নৌ চলাচলে স্বাভাবিক রুট সংস্কারের দাবি জানাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধলাল শাপলায় অপরূপ হাজাছড়া বিল
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে স্থাপনা নির্মাণ নিয়ে সংঘর্ষ, ৫৭ জনের বিরুদ্ধে মামলা