রোড সুপারভাইজারদের কাজের পরিধি বাড়াতে হবে : প্রশাসক

| শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৫:৫০ পূর্বাহ্ণ

নগরীর সড়ক সংস্কার, অবকাঠামোগত উন্নয়ন, অবৈধ দখল উচ্ছেদ, পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রম আরও গতিশীল করতে রোড সুপারভাইজারদের কাজের পরিধি বাড়ানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। সড়কের ক্ষয়ক্ষতি চিহ্নিত করার পাশাপাশি সড়ক বিভাজকের গাছপালা ও নিরাপত্তাবেষ্টনীর রক্ষণাবেক্ষণ, অবৈধ ব্যানার–পোস্টার অপসারণ এবং যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধে মাঠপর্যায়ে নজরদারি জোরদার করার নির্দেশনা দেন তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) টাইগারপাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নগর ভবনে চসিকের আওতাধীন রোড সুপারভাইজারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন। প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর যোগাযোগব্যবস্থার উন্নয়ন শুধু নতুন সড়ক নির্মাণ কিংবা পুরোনো সড়ক সংস্কারের মধ্যে সীমাবদ্ধ নয়। সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা, নিরাপত্তাবেষ্টনী সচল রাখা, সড়ক বিভাজকের গাছপালার পরিচর্যা এবং সড়কের পরিচ্ছন্নতা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোড সুপারভাইজাররা প্রতিদিন মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেন। ফলে কোথায় সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোথায় অবৈধ দখল হচ্ছে কিংবা কোথায় নাগরিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, তা দ্রুত চিহ্নিত করে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

মতবিনিময় সভায় রোড সুপারভাইজাররা জানান, মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের অনেক সময় নানা ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। বিশেষ করে সড়ক ও ফুটপাতের অবৈধ দখলদারদের সতর্ক করা কিংবা অনিয়ম বন্ধ করতে গেলে স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বাধা ও অসহযোগিতার সম্মুখীন হতে হয়। ফলে অনেক ক্ষেত্রে তাঁরা তাৎক্ষণিকভাবে কার্যকর ব্যবস্থা নিতে পারেন না।

রোড সুপারভাইজারদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রশাসক বলেন, কোথাও অবৈধ দখল বা অনিয়ম দেখতে পেলে নিজেরা ঝুঁকি নিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে যাবেন না। কোথাও বাধার সম্মুখীন হলে সরাসরি প্রধান প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। প্রয়োজনে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের দায়িত্ব হলো মাঠপর্যায়ের সঠিক তথ্য দ্রুত কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া। পরবর্তী ব্যবস্থা গ্রহণের দায়িত্ব প্রশাসনের। নগরীর স্বার্থে কাজ করতে গিয়ে কেউ যাতে অযথা হয়রানি বা বাধার সম্মুখীন না হন, সে বিষয়েও প্রয়োজনীয় সমন্বয় করা হবে। সভায় চসিকের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসংখ্যাধিক্য নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধির দিকে মনোযোগ দিতে হবে
পরবর্তী নিবন্ধকর্ণফুলী টানেল সংযোগ সড়কের কাজ শেষ হবে আগামী জুনে