সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে এসেই বাংলাদেশের ফুটবলাঙ্গনকে আবারো মাতিয়ে তুলেছেন হামজা চৌধুরী। গতকাল দলের প্রতিনিধি হয়ে তিনি আসেন গণমাধ্যমকর্মীদের সামনে। প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপ খেলার রোমাঞ্চ ফুটে উঠে তার চোখে–মুখে আর কথায়। ইংল্যান্ড প্রবাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডার আত্মবিশ্বাস ভরা কণ্ঠে বলেন, সব ম্যাচ জিততে চান। জাতীয় স্টেডিয়ামে আজ বুধবার রাত আটটায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ভুটানকে ১–০ গোলে হারিয়ে শুরু করা বাংলাদেশ ইতোমধ্যে উঠেছে সেমি–ফাইনালে। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ধারা ধরে রাখার লক্ষ্য হামজার। বলেন, ‘আসসালামু আলাইকুম। প্রথমত আমি ভীষণ রোমাঞ্চিত দেশের হয়ে প্রথম সাফ চ্যাম্পিয়নশিপ খেলা নিয়ে। আমরা সবাই রোমাঞ্চিত। অবশ্যই সব ম্যাচই গুরুত্বপূর্ণ মোমেন্টাম ধরে রাখার জন্য। আমরা সব ম্যাচ জিততে চাই। আমরা জানি, আমাদের ওপর চাপ আছে শিরোপা জয়ের, খুব চাপ আছে, ইনশাল্লাহ সাফ চ্যাম্পিয়ন হবো। আমরা বুঝতে পারি, পুরো দেশ চায় আমরা চ্যাম্পিয়ন হই। আমরা খুব আত্মবিশ্বাসী। আমরা সিঙ্গাপুরের সঙ্গে, হংকংয়ের সঙ্গে, ও অন্যান্য দলের সাথে ভালো করেছি। ভারতকে হারিয়েছি। আমরা দেখিয়েছি, এদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।
আমরা জানি, আমাদের সেই মান আছে; আমরা আরও ভালো খেলতে পারি। ইনশাল্লাহ এই পর্যায়ে ও টুর্নামেন্টে আমরা জিততে পারব।’ ভুটানের বিপক্ষে একমাত্র গোলের দেখা পেতে স্বাগতিকদের অপেক্ষা করতে হয় ৬৫ মিনিট। অনেক ব্যর্থ প্রচেষ্টার পর মোহাম্মদ ইব্রাহিম খোলেন ম্যাচের ডেডলক। দলের ফরোয়ার্ডদের নিয়মিত গোল না পাওয়ার আক্ষেপ ফের আলোচনায়। হামজা অবশ্য এ নিয়ে ভাবছেন না। তার মনে হচ্ছে, সুযোগ তৈরির ধারাটুকু ধরে রাখতে পারলে গোলও আসবে। ‘স্ট্রাইকার পজিশনের জন্য, গোল করার মতো খেলোয়াড় আমাদের আছে এবং আমরা খুবই আত্মবিশ্বাসী। স্রেফ আমাদের আরেকটু সময় নিয়ে, প্রস্তুতি নিতে হবে। ম্যাচ খেলতে হবে। আশা করি, আমরা আরও গোল করতে পারব; আরও ম্যাচ জিততে পারব। দুশ্চিন্তা নাই (ভুটান ম্যাচের গোল মিস নিয়ে)। দুশ্চিন্তা করতাম, যদি গোলের সুযোগ তৈরি করতে না পারতাম। আসলে আমরা সুযোগ তৈরি করেছি। আমি যেটা বলতে চাইছি, আমরা সুযোগ তৈরি করছি, ইনশাল্লাহ সেটাকে গোলে রূপ দিতে পারব।’
এদিকে সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ের পাল্লা একটু ভারি। তাই বলে লঙ্কানদের সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই। হামজা চৌধুরী তেমনটা ভাবছেনও না। লাল–সবুজের জার্সিতে সাফে প্রথম খেলার অপেক্ষায় থাকা এই তারকা নিজের দলকেও পিছিয়ে রাখছেন না। প্রতিযোগিতাটিতে তিনবার দেখা হয়েছে এই দুই দলের; শ্রীলঙ্কা একবার জিতেছে ২০০৮ আসরে, আর পরের দুই দেখায় (২০০৯ ও ২০২১) জয়ের হাসি বাংলাদেশের।
ভুটানকে হারিয়ে ‘এ’ গ্রুপ থেকে সেমি–ফাইনালে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে ২–২ ড্রয়ে ঝুলে আছে শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে হারলে বিদায় নিশ্চিত শ্রীলঙ্কার। ১৯ প্রবাসী ফুটবলার নিয়ে আসা দলটি স্বাভাবিকভাবে ‘মরণকামড়’ দিতে চাইবে। হামজা তাই সতর্ক। তবে, নিজের দল নিয়েও তার কণ্ঠে আত্মবিশ্বাসের স্ফুরণ।
‘শ্রীলঙ্কা খুব শক্তিশালী দল। আমার মনে হয়, গত ১২ মাসে তারা অনেক উন্নতি করেছে। আমরাও উন্নতি করেছি। ভুটানের বিপক্ষে আমাদের কঠিন ম্যাচ ছিল, সেটা আমরা জিতেছি। সেই জয়ের আত্মবিশ্বাস আমাদের আছে। ম্যাচটা শ্রীলঙ্কার জন্য চাপের। কেননা, তারা হারতে চাইবে না। আমরাও সামনের দিকে তাকিয়ে আছি।
ইনশাআল্লাহ আমরা জিতব। ‘বাংলাদেশের জন্য, সব মানুষের জন্য সাফ জিততে চাই। বিশেষ করে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুবই গর্বিত। মানুষ আমাকে এত সমর্থন করে, ভালোবাসা দেয়, আমি ইংল্যান্ডে খেলার সময়ও বাংলাদেশের সমর্থকরা ভ্রমণ করে আমার খেলা দেখতে আসে। এটা আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক কিছু। ইনশাল্লাহ, আমি যদি পারি, তাহলে তাদের প্রতিদান দিব সাফ জিতে।’











