আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের সমস্যা ও প্রত্যাশা তুলে ধরতে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (আকোয়া) উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন হাতেখড়ি স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। সভাপতিত্ব করেন সিডিএর সচিব নুরে জান্নাত রুমি। আকোয়ার সাধারণ সম্পাদক খন্দকার বেলায়েত হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপদেষ্টা রওশন আরা চৌধুরী, সভাপতি মোস্তফা সরকার গুড্ডু, সিডিএ’র বোর্ড মেম্বার স্থপতি ফারুক আহমেদ, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক মো. কামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক হাসান রুবেল, সদস্য সচিব মিজানুর রহমান মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা হাজী হোসেন, বিএনপি নেতা মো. স্বপন প্রমুখ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন শাহজাদা আল মামুন। সভায় বক্তারা বলেন, শিশু–কিশোরদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে সিডিএ আবাসিক এলাকায় খেলাধুলার উপযুক্ত স্থান পুনরুদ্ধার ও সংরক্ষণ করতে হবে। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, কবরস্থানের সংস্কার ও আধুনিকায়ন এবং খালি প্লটগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
বক্তারা আরও বলেন, মাদক ও অপরাধমুক্ত নিরাপদ আবাসিক এলাকা গড়ে তোলা এখন সময়ের দাবি। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সভায় আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি যেসব মুরুব্বি ও বাসিন্দা ইন্তেকাল করেছেন, তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











