
ব্যাট হাতে আহসান আল মুমিনের দুর্দান্ত ব্যাটিং, বল হাতে তাফিউল আলম তামিমের বিধ্বংসী বোলিং। দুই তরুণের নৈপুণ্যে অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মালয়েশিয়া অনূর্ধ্ব–১৯ দলকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে সোমবার ৩০৪ রানের লক্ষ্যে স্রেফ ৯৮ রানে গুটিয়ে যায় মালয়েশিয়া। তিন ম্যাচে দুই জয়ে গ্রুপ রানার্স–আপ হয়ে সেমি–ফাইনালের টিকেট পেল বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল (ভারত অথবা পাকিস্তান)। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে একাই ব্যাট হাতে আলো ছড়ান আহসান আল মুমিন। ১৩৩ বলে ১০টি চার ও ৬টি ছক্কায় ১৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন রবিউল হাসান অনিক। ৪৮ বলে ৪৫ রান করেন এই ব্যাটার। মালয়েশিয়ার হয়ে নাগিনেস্বরন সাথনাকুমারান, শায়ির আশরাফ ও উলগা গুনাওয়ান নেন দুটি করে উইকেট। ৩০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে মালয়েশিয়া। শুরু থেকেই প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে ধস নামান তাফিউল আলম তামিম। মাত্র ৭.৫ ওভার বল করে ১৮ রান খরচায় শিকার করেন ৭ উইকেট।
এর মধ্যে ছিল দুটি মেডেন ওভার। মালয়েশিয়ার হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন নাগিনেস্বরন সাথনাকুমারান। ৮১ বলের ইনিংস খেলেও দলকে বড় পরাজয় থেকে বাঁচাতে পারেননি তিনি। মালয়েশিয়ার পাঁচ ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারেননি। বাংলাদেশের হয়ে তামিমের পাশাপাশি রুবায়েত ইসলাম রিজন নেন দুটি উইকেট। আগামী বৃহস্পতিবার সেমি–ফাইনাল খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ জানা যাবে আজ মঙ্গলবার।












