মৎস্যজীবীদের প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তি জ্ঞান বাড়াতে হবে

আবাসিক প্রশিক্ষণ অনুষ্ঠানে জেলা প্রশাসক

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬ at ৯:১৭ পূর্বাহ্ণ

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমরা বিশ্বের বাজারে বাংলাদেশের মাছকে সুস্বাদু মাছ হিসেবে পরিচিত করাতে চাই। এটি করতে পারলে শুধু মৎস্যজীবীদের নয়, দেশের অর্থনীতিরও পরিবর্তন হবে। তিনি বলেন, বাংলাদেশের নদী ও সমুদ্রে বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ পাওয়া যায়। এসব মাছের আন্তর্জাতিক বাজার সমপ্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছের গুণগত মান নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও মৎস্যজীবীদের দক্ষতা বাড়ানোর বিকল্প নেই।

গতকাল চট্টগ্রামের জেলা মৎস্য অফিসারের কার্যালয়ে ‘০২৬–২০২৭ অর্থবছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (মৎস্য অধিদপ্তর অংশ) শীর্ষক প্রকল্প এর আওতায় মৎস্যচাষীদের ৪ দিন ব্যাপি জলবায়ু সহিষ্ণু প্রযুক্তি ভিত্তিক মাছচাষ ব্যবস্থাপনা (কার্প মিশ্রচাষ) বিষয়ক আবাসিক প্রশিক্ষণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম। জেলা প্রশাসক বলেন, মানুষের খাদ্যাভ্যাস ও রুচি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। নতুন প্রজন্মের পছন্দও আগের প্রজন্মের চেয়ে আলাদা। তাই দেশে ও বিদেশে কোন প্রজাতির মাছের চাহিদা বেশি, তা বিবেচনায় নিয়ে উৎপাদন পরিকল্পনা করতে হবে। শুধু উৎপাদন বাড়ালেই হবে না, মাছের স্বাদ ও গুণগত মানও নিশ্চিত করতে হবে। বাংলাদেশের মৎস্যসম্পদের সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশের নদী ও সমুদ্র নানা প্রজাতির সুস্বাদু মাছ পাওয়া যায়। বিশ্বের অনেক দেশে মাছ উৎপাদিত হলেও বাংলাদেশের মাছের স্বাদ ও বৈচিত্র্যকে আন্তর্জাতিক বাজারে আরও ভালোভাবে তুলে ধরার সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে পারলে মৎস্যজীবীদের আয় বাড়বে, তাদের জীবনমানের উন্নতি হবে এবং দেশের অর্থনীতিও উপকৃত হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব দিয়ে তিনি বলেন, অল্প জায়গায় বেশি মাছ উৎপাদন, উপযুক্ত খাবার নির্বাচন এবং উন্নত চাষপদ্ধতি প্রয়োগের মাধ্যমে মৎস্য খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। তবে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে না পারলে আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতায় বাংলাদেশ পিছিয়ে পড়তে পারে।

জেলা প্রশাসক বলেন, আমাদের কিন্তু যন্ত্রের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হবে। না হলে আমাদের কাজগুলো যন্ত্র নিয়ে যাবে। আগামী পাঁচ থেকে দশ বছরে মাছ চাষ ও আহরণের প্রচলিত পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে উল্লেখ করে জাহিদুল ইসলাম মিঞা বলেন, বিশ্বের বিভিন্ন দেশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়াচ্ছে। বাংলাদেশকেও সেই প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা অর্জন করতে হবে। এ জন্য মৎস্যজীবীদের নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান বাড়ানো জরুরি। মৎস্যজীবীদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘আমরা আমাদের সকল জেলে ভাইয়ের কাছে অনেক বেশি ঋণী। ঝঞ্ঝাবিক্ষুব্ধ সমুদ্রে জীবনের ঝুঁকি নিয়ে জেলেরা মাছ আহরণ করেন। তাদের পরিশ্রমে দেশের মানুষের আমিষের চাহিদার একটি বড় অংশ পূরণ হচ্ছে। মাছ আহরণে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে। সেই দক্ষতাকে আরও সমৃদ্ধ করতে প্রশিক্ষণের প্রয়োজন। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞানের সঙ্গে বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশিক্ষণ নতুন ধারণা দেয়। কিন্তু সেই ধারণা বাস্তবে কাজে লাগাতে মৎস্যজীবীদের নিজেদের উদ্যোগী হতে হবে। আগের বছরের তুলনায় কীভাবে উৎপাদন বাড়ানো যায়, সে পরিকল্পনা প্রত্যেক চাষীকেই করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধপাঁচ বছর মেয়াদী কৌশলগত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ
পরবর্তী নিবন্ধদুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন হলো বশির মোহাম্মদ সড়ক