যানবাহনে বিশেষ করে মোটরসাইকেল, রিকশা, স্কুটার কিংবা ইজিবাইকের মতো খোলা চাকার গাড়িতে ভ্রমণের সময় মেয়েদের ঝুলন্ত ওড়না চাকার সাথে পেঁচিয়ে যাওয়া একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন আমাদের মা, বোনরা স্কুলে, বাজারে বা আত্মীয়র বাড়ি যাওয়ার সময় এই ধরনের গাড়িতে যাতায়াত করে থাকেন। কিন্তু সামান্য অসাবধানতার কারণে সুন্দর এই পোশাকটিই কখনো কখনো মারাত্মক বিপদের কারণ হয়ে দাঁড়ায়। প্রতি বছর চাকায় ওড়না পেঁচিয়ে বহু মানুষ দুর্ঘটনায় পড়েন, গুরুতর আহত হন এবং এমনকি প্রাণও হারান। এটি এমন এক বিপদ যা একটু সচেতন হলেই পুরোপুরি এড়িয়ে চলা সম্ভব।
চলন্ত গাড়ির চাকা যখন খুব দ্রুত ঘোরে, তখন বাতাসের তোড়ে ওড়নার ঝুলন্ত বা খোলা অংশটি চাকার স্পোক বা চেইনের সংস্পর্শে এলে সাথে সাথে তা পেঁচিয়ে যেতে শুরু করে। চাকাটি এত দ্রুত ঘোরে যে ওড়নাটি এক মুহূর্তের মধ্যে টেনে শক্ত করে ফেলে। ওড়নাটি গলায় থাকার কারণে টান পড়ার সাথে সাথেই গলায় ভীষণ চাপ পড়ে। এর ফলে মানুষের শ্বাসনালী বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে বাতাস ফুসফুসে ঢুকতে পারে না। আবার ঘাড়ের হাড় মচকে বা ভেঙে গিয়ে শরীরের ভেতরের গুরুত্বপূর্ণ রগ ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া ওড়নার টানে হঠাৎ গতিশীল গাড়ি থেকে ছিটকে শক্ত রাস্তায় পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার ঝুঁকি তৈরি হয়।
এই ধরণের বিপজ্জনক পরিস্থিতি থেকে নিজেকে ও নিজের পরিচিতদের মুক্ত রাখতে কয়েকটি খুব সহজ কিন্তু দরকারি নিয়ম মেনে চলা প্রয়োজন। প্রায়ই দেশের বিভিন্ন স্থানে যেমন–কক্সবাজার, ঢাকা, যশোরসহ বিভিন্ন অঞ্চলে রিকশা বা ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী ও তরুণীদের মৃত্যুর ঘটনা ঘটে। যেমন–২০২৬ সালের ৬ অক্টোবর কক্সবাজারে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সীমা আক্তার নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। মৃত্যুর পাশাপাশি বহু নারী এসব দুর্ঘটনায় গুরুতর আহত হন বা মেরুদণ্ডে আঘাত পেয়ে পঙ্গুত্ববরণ করেন। ২০১৭ সালের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)-এর তথ্য অনুযায়ী, শুধু ইজিবাইকে ওড়না পেঁচিয়ে ৩৬ জন নারী মেরুদণ্ডে আঘাত পেয়ে শারীরিক ক্ষমতা হারিয়েছিলেন।
গাড়িতে ওঠার আগেই ওড়না কিভাবে পরা হয়েছে, সেদিকে খেয়াল রাখা সবচেয়ে বেশি দরকার। ওড়নার দুটো মাথা পিঠের দিকে ঝুলিয়ে রাখা খুব বিপজ্জনক, কারণ বাতাস পেছন থেকে ওড়না উড়িয়ে সোজা চাকার ভেতরে নিয়ে যায়। তাই যাতায়াতের সময় ওড়নাটি শরীরের সামনের দিকে সুন্দর করে গুটিয়ে রাখা ভালো। ওড়নার পেঁচানো অংশ দুটি জামার ভেতরে ঢুকিয়ে দেওয়া অথবা নিরাপত্তা পিন বা সেফটিপিন দিয়ে জামার সাথে সুন্দর করে আটকে নিলে তা আর বাতাসে উড়তে পারে না। আজকাল ওড়না দিয়ে মাথার চুল ঢেকে হিজাবের মতো করে ছোট করে বাঁধার যে নিয়ম রয়েছে, তা কিন্তু ভ্রমণের জন্য বেশ নিরাপদ। কারণ এভাবে ওড়না পরলে কোনো অংশই নিচে ঝুলে থাকে না, ফলে চাকার সাথে পেঁচিয়ে যাওয়ার কোনো সুযোগই থাকে না। বাইরে বের হওয়ার সময় বড় ওড়নার বদলে ছোট স্কার্ফ বা গলার সাথে লেগে থাকে এমন পোশাক ব্যবহার করাও বুদ্ধিমানের কাজ।
গাড়িতে বসার ভঙ্গির ওপরেও নিরাপত্তা অনেকখানি নির্ভর করে। মোটরসাইকেল বা রিকশায় বসার সময় ওড়নার খোলা অংশ যেন সিটের দুপাশে বা চাকার কাছে ঝুলে না থাকে সেদিকে চোখ রাখতে হবে। বাইকে বা রিকশায় বসার পর ওড়নার বাড়তি অংশটুকু নিজের কোলের ওপর এনে দুই হাতে শক্ত করে ধরে রাখা ভালো। ওড়না বা জামার ঝুলন্ত অংশটি রানের নিচে চেপে নিয়ে বসলেও তা বাতাসে ওড়া বন্ধ হয়ে যায়। বাইক বা রিকশা যিনি চালাচ্ছেন, তার ভূমিকাও এখানে অনেক।
বাইকের পেছনে সুরক্ষামূলক বিশেষ জাল বা শাড়ি গার্ড লাগানো থাকলে পোশাক সহজে চাকায় ঢুকতে পারে না। তাই নিজের পরিবারের মোটরসাইকেলে এই সুরক্ষা গার্ড আছে কি না তা দেখে নেওয়া উচিত। চালকের উচিত খুব বেশি দ্রুত গতিতে গাড়ি না চালানো, কারণ গাড়ি যত দ্রুত চলবে, বাতাসে ওড়না ওড়ার ঝুঁকিও তত বাড়বে।
যদি কখনো অসাবধানতাবশত কারও ওড়না চাকার সাথে পেঁচিয়েই যায়, তবে একদম প্যানিক বা আতঙ্কিত হওয়া যাবে না। গাড়িটি তৎক্ষণাৎ থামিয়ে ফেলা দরকার। এরপর টানাটানি না করে সাথে সাথে কাঁচি বা ধারালো কিছু দিয়ে ওড়নাটি কেটে ফেলা উচিত, যাতে গলার ওপর থেকে টানটি দ্রুত নেমে যায়। আমাদের একটুখানি সাবধানতা আর খেয়াল রাখার অভ্যাসই পারে বড় কোনো দুর্ঘটনা থেকে প্রিয় মানুষদের রক্ষা করতে। নিজের নিরাপত্তা নিজের হাতেই–তাই ভ্রমণের সময় ওড়না বা ঢিলেঢালা পোশাক সামলে রাখাই বুদ্ধিমানের কাজ।
অনাকাঙিক্ষত এই প্রাণহানি বন্ধ করতে প্রয়োজন ব্যাপক সামাজিক সচেতনতা। পোশাকের সৌন্দর্য বা ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের চেয়ে জীবনের মূল্য অপরিসীম–এই সাধারণ সত্যটি আমাদের যাতায়াত সংস্কৃতির অংশ হতে হবে। একটু বাড়তি সতর্কতা, সামান্য খেয়াল এবং সচেতনতাই পারে একটি আনন্দময় যাত্রাকে চিরতরে ট্র্যাজেডিতে রূপ নেওয়া থেকে রক্ষা করতে।
লেখক : শিক্ষক, কথাসাহিত্যিক ও চিত্রনাট্যলেখক












