বেসরকারি দুটি প্রতিষ্ঠানের বিপরীতে বার্ষিক মূল্যায়নকৃত পৌরকর ঘষামাজা করে কমিয়ে দেয়ার ঘটনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) কর্মকর্তাসহ ৮ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সবমিলে প্রায় ১৭ কোটি টাকার ক্ষতিসাধনের অভিযোগে গতকাল দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এর সহকারী পরিচালক সায়েদ আলম নিজ কার্যালয়ে মামলা দুটি দায়ের করেন।
দুদক সূত্রে জানা যায়, রাজস্ব সার্কেল–৮ এর অন্তর্ভুক্ত ইনকন ট্রেড লিমিটেড নামক প্রতিষ্ঠানের ২০১৭–২০১৮ থেকে ২০২২–২০২৩ অর্থবছর পর্যন্ত বার্ষিক মূল্যায়নে ব্যাপক জালিয়াতি করা হয়। প্রতিষ্ঠানটির প্রকৃত বার্ষিক মূল্যায়ন ২৫ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৭৫০ টাকা হলেও তা কমিয়ে মাত্র ৫ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৭৫০ টাকা নির্ধারণ করা হয়। এর ফলে ভ্যালুয়েশনের উপর ১৪ শাতংশ হারে ৩ বছরে চসিকের মোট ৮ কোটি ৪০ লাখ টাকা আর্থিক ক্ষতিসাধন করা হয়। এই মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। তারা হলেন– চসিকের রাজস্ব সার্কেল–৮ এর কর কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, অবসরপ্রাপ্ত উপ–কর কর্মকর্তা মো. আব্দুল কাদের, সহকারী কর আদায়কারী মনজুর মোর্শেদ, হিসাব সহকারী রূপসী রাণী দেব এবং ইনকন ট্রেড লিমিটেডের মালিক ইউসুফ আবদুল্লাহ হারুন। অপরদিকে, মেসার্স এছাক ব্রাদার্স লিমিটেড প্রতিষ্ঠানের বার্ষিক মূল্যায়নেও একই কায়দায় জালিয়াতি করা হয়। প্রতিষ্ঠানটির প্রকৃত বার্ষিক মূল্যায়ন ২৬ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ২৫০ টাকা নির্ধারণের কথা থাকলেও জালিয়াতির মাধ্যমে তা কমিয়ে ৬ কোটি ৩৮ লাখ ১১ হাজার ১৫০ টাকা করা হয়। এর ফলে ভ্যালুয়েশনের উপর ১৪ শতাংশ হারে ৩ বছরে চসিক তথা সরকারি তহবিলের আরও ৮ কোটি ৪০ লাখ টাকা আত্মসাৎ ও ক্ষতিসাধন করা হয়। এই মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তারা হলেন– চসিকের রাজস্ব সার্কেল–৮ এর কর কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম (যিনি প্রথম মামলারও আসামি), রাজস্ব সার্কেল–৭ এর উপ–কর কর্মকর্তা জয় প্রকাশ সেন, রাজস্ব সার্কেল–৮ এর হিসাব সহকারী মোহাম্মদ আহছার উল্লাহ এবং মেসার্স এছাক ব্রাদার্স লিমিটেডের মালিক হাজী মো. আবুল কাশেম। দুদকের এজাহারে উল্লেখ করা হয়, সিটি কর্পোরেশনের নির্ধারিত নিয়মানুযায়ী কোনো হোল্ডিংয়ের বার্ষিক মূল্যায়ন নির্ধারণ করেন সার্কেলের নির্দিষ্ট কর কর্মকর্তা বা এসেসর। পরবর্তীতে রিভিউ বোর্ড বা আপিল ফরমের মাধ্যমে মূল্যায়ন সংশোধনের বিধান থাকলেও অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে ইচ্ছাকৃতভাবে মূল নথিপত্র ও পি–ফরম পরিবর্তন করেন। ট্যাঙ লেজার ও মূল্যায়নের তালিকা জালিয়াতির মাধ্যমে টেম্পারিং করে কম মূল্যায়ন বসানো হয় এবং রিভিউ বোর্ডের শুনানির ভুয়া তারিখ বা সিদ্ধান্ত দেখিয়ে তা অনুমোদন করিয়ে নেওয়া হয়। এর মাধ্যমে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে অবৈধভাবে লাভবান করে সরকারি রাজস্বের বিশাল অংশ আত্মসাৎ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়। দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এর উপপরিচালক আল আমিন দৈনিক আজাদীকে বলেন, তদন্তে অন্য কারো সম্পৃক্ততা পাওয়া গেলে আমলে নেওয়া হবে।












