রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান মিললো অনিয়ম ও অব্যবস্থাপনার সত্যতা

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

রাঙামাটির রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুপুরে দুদক রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপ–সহকারী পরিচালক সরোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

দুদক সূত্রে জানা যায়, রাঙামাটির রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও ভুয়া বিল–ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাতসহ নানান অনিয়মের অভিযোগ পাওয়া যায়। এ প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয় রোববার একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত করে। অভিযানকালে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের সেবাপ্রদানে অনিয়ম, নোংরা বিছানার চাদর, অপরিচ্ছন্ন টয়লেট, গাড়ি চালকের অফিসে অনুপস্থিতি, পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ খাতের বরাদ্দ থেকে অন্যান্য খাতে ব্যয় করাসহ অন্যান্য অনিয়ম এবং অব্যস্থাপনার প্রাথমিক সত্যতা পাওয়া হয়। দুদক কর্মকর্তারা জানান, অভিযানকালে বিভিন্ন অনিয়মের তথ্যের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার সুপারিশ করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম। এ প্রসঙ্গে দুদক রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপ–সহকারী পরিচালক সরোয়ার হোসেন বলেন, রোববার দুপুরে জেলার রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে। ভুয়া বিল–ভাউচার তৈরিসহ অন্যান্য অনিয়মের অভিযোগগুলোর নথিপত্র যাচাই–বাছাই করে কমিশন বরাবর পাঠানো হবে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের সাদামাটা বোলিং, ওয়েস্ট ইন্ডিজের শক্ত অবস্থান
পরবর্তী নিবন্ধইসরায়েলে সরকার গঠনে দায়িত্ব পেলেন আইজেনকোট