এক বছরের ব্যবধানে জ্বালানি আমদানি ব্যয় বেড়েছে প্রায় ৭০ হাজার কোটি টাকা। অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে ব্যয় দ্বিগুণের বেশি হয়েছে। এতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আর্থিক চাপে পড়েছে। ২০২৪–২৫ অর্থবছরে অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে ব্যয় হয়েছিল প্রায় ৫.১৩ বিলিয়ন ডলার। ২০২৫–২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১০.৬৩ বিলিয়ন ডলারে। এক বছরের ব্যবধানে আমদানি ব্যয় বেড়েছে প্রায় ৫.৫০ বিলিয়ন ডলার। প্রতি ডলার ১২৫ টাকা হিসেব করলেও বাংলাদেশি মুদ্রায় অতিরিক্ত ব্যয়ের পরিমাণ প্রায় ৭০ হাজার কোটি টাকা।
জানা যায়, দেশের জ্বালানি তেল সেক্টরের একমাত্র নিয়ন্ত্রক সংস্থা রাষ্ট্রায়ত্ত বিপিসি। আন্তর্জাতিক বাজার থেকে পরিশোধিত এবং অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে বিপণন কোম্পানির মাধ্যমে দেশব্যাপী সরবরাহ করে সংস্থাটি। দেশের জ্বালানি নিরাপত্তার বড় অংশ এই সংস্থার ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে রেকর্ড পরিমাণ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সংস্থাটিকে চাপে ফেলেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য সংকটের কারণে বিপিসি জ্বালানি তেল সংগ্রহ, আমদানির বিপরীতে বৈদেশিক মুদ্রার সংস্থান, ঋণপত্র (এলসি) খোলা এবং সরবরাহকারীদের পাওনা পরিশোধসহ সব ক্ষেত্রে বাড়তি অর্থের চাপে পড়ছে। দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিপিসিকে আগের তুলনায় চড়া দামে তেল কেনার পাশাপাশি বাড়তি পথ পাড়ি দেওয়া জাহাজে অনেক বেশি ভাড়া দিয়ে সেই তেল দেশে আনতে হচ্ছে।
বিপিসির দায়িত্বশীল একটি সূত্র জানায়, ২০২৫–২৬ অর্থবছরে মোট ১০.৬৩ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানি ব্যয়ের মধ্যে অপরিশোধিত তেল আমদানিতে ব্যয় হয়েছে ১.২০ বিলিয়ন ডলার। পরিশোধিত পেট্রোলিয়াম, তেল ও লুব্রিকেন্ট (পিওএল) আমদানিতে ব্যয় হয়েছে ৯.৪৪ বিলিয়ন ডলার। মোট আমদানি ব্যয়ের সিংহভাগ গেছে পরিশোধিত জ্বালানি তেল ও রিফাইনড পণ্য আমদানিতে। অপরদিকে ২০২৪–২৫ অর্থবছরে অপরিশোধিত তেল আমদানিতে ব্যয় হয়েছিল ৬২৪.৫ মিলিয়ন ডলার। একই সময়ে পরিশোধিত পেট্রোলিয়াম, তেল ও লুব্রিকেন্ট আমদানিতে ব্যয় হয়েছিল ৪.৫১ বিলিয়ন ডলার। এক বছরের ব্যবধানে অপরিশোধিত তেলের পাশাপাশি পরিশোধিত জ্বালানি আমদানির ব্যয় প্রচুর বেড়ে গেছে। বিশেষ করে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য, তেল ও লুব্রিকেন্ট (পিওএল) আমদানিতে ব্যয়ের পরিমাণ ৪.৫১ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৯.৪৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
ইস্টার্ন রিফাইনারির বার্ষিক উৎপাদনক্ষমতা ১৫ লাখ টন। এর চেয়ে বেশি ক্রুড অয়েল আনলে তা পরিশোধনের সক্ষমতা দেশের নেই। ফলে বিপিসিকে চড়া দামে পরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আমদানি করতে হয়।
বিপিসির এই চাপ সামলাতে দেশে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে অভ্যন্তরীণ বাজারে দাম সমন্বয় করা হলে পরিবহন, বিদ্যুৎ উৎপাদন, শিল্প ও কৃষিসহ অর্থনীতির বিভিন্ন খাতে উৎপাদন ব্যয় অনেকাংশে বেড়ে গেছে। এর প্রভাব পড়েছে জনজীবনে।
দেশে পরিশোধন সক্ষমতা বাড়ানো, জ্বালানি সংরক্ষণের সক্ষমতা উন্নত করা এবং দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তির মাধ্যমে আমদানি ব্যবস্থাপনায় স্থিতিশীলতা আনা না গেলে এই ধরনের চাপ থেকে বিপিসি নিস্তার পাবে না উল্লেখ করে সংশ্লিষ্টরা বলছেন, এক বছরের ব্যবধানে প্রায় ৭০ হাজার কোটি টাকার বাড়তি আমদানি ব্যয়ের ধকল শুধু বিপিসি একা সামলাচ্ছে না, এর সাথে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ডলারের বাজার, জ্বালানি নিরাপত্তা এবং সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতাসহ নানা বিষয় জড়িয়ে রয়েছে। বিষয়গুলো যথাযথভাবে ম্যানেজ করা না গেলে সংকট আরো প্রকট হবে।







