৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় পুরোপুরি নিঃশেষ প্রায় ৩০০ পরিবার

রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন

| সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ৬:০৭ পূর্বাহ্ণ

রোড সেফটি ফাউন্ডেশন (আরএসএফ) গতকাল প্রকাশিত এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে জানিয়েছে, গত ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিঃশেষ হয়ে গেছে। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সব সদস্য একসঙ্গে প্রাণহানির এমন সংখ্যা বেড়ে চলেছে। খবর বাসসের।

সাইদুর রহমান বলেন, ২০২০ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সড়ক দুর্ঘটনার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মোটরসাইকেল, অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স ও বাসে যাতায়াতের সময় একই পরিবারের সব সদস্য অথবা একাধিক সদস্য নিহত হওয়ার ঘটনা ক্রমেই বাড়ছে। সাইদুর রহমান জানান, ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম এবং ফাউন্ডেশনের নিজস্ব তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদনটি তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়, মোটরসাইকেলে যাতায়াতের সময় স্বামী–স্ত্রী দুজনই নিহত হয়েছেন–এমন দুর্ঘটনা ঘটেছে ১৯৩টি। এ ছাড়া বাবা ও সন্তান নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১৫৯টি। অর্থাৎ ১৯৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী–স্ত্রী নিহত হয়েছেন ৩৮৬ জন এবং ১৫৯টি মোটরবাইক দুর্ঘটনায় পিতা–সন্তান নিহত হয়েছেন ৩১৮ জন।

ব্যাটারিচালিত তিন চাকার অটোরিকশা দুর্ঘটনার ৫২৫টি ঘটনায় মোট ১ হাজার ৭২৮ জন নিহত হয়েছেন। অটোরিকশায় যাতায়াতের সময় একই পরিবারের একাধিক সদস্য নিহত হওয়ার ঘটনাগুলোর পরিসংখ্যান হলো–দুই সদস্য নিহত হওয়ার ঘটনা ২১১টি, তিন সদস্য ১১৮টি, চার সদস্য ৯২টি, পাঁচ সদস্য ৫৩টি, ছয় সদস্য ৩৮টি এবং সাত সদস্য নিহত হওয়ার ঘটনা ১৩টি।

মাইক্রোবাসের আরোহী হিসেবে একই পরিবারের ২ জন নিহতের ঘটনা ঘটেছে ৪৮টি, ৩ জন নিহতের ঘটনা ৪৬টি, ৪ জন নিহতের ঘটনা ৩৯টি, ৫ জন নিহতের ঘটনা ২৮টি, ৬ জন নিহতের ঘটনা ২০টি, ১১ জন নিহতের ঘটনা ৪টি এবং ১৪ জন নিহতের ঘটনা ঘটেছে ১টি। মোট ১৮৬টি মাইক্রোবাস দুর্ঘটনায় ৭০৮ জন নিহত হয়েছেন।

ব্যক্তিগত গাড়িতে যাতায়াতের সময় একই পরিবারের একাধিক সদস্য নিহত হওয়ার ঘটনাগুলোর মধ্যে দুই সদস্য নিহত হওয়ার ঘটনা ৩৪টি, তিন সদস্য ৩১টি, চার সদস্য ২৪টি এবং পাঁচ সদস্য নিহত হওয়ার ঘটনা ১৯টি। এ ধরনের ১০৮টি দুর্ঘটনায় মোট ৩৫২ জন নিহত হয়েছেন।

অ্যাম্বুলেন্সে যাতায়াতের সময় একই পরিবারের একাধিক সদস্য নিহত হওয়ার ঘটনাগুলোর মধ্যে দুই সদস্য নিহত হওয়ার ঘটনা ১১টি, তিন সদস্য ১৫টি, চার সদস্য ৯টি, পাঁচ সদস্য ৭টি এবং আট সদস্য নিহত হওয়ার ঘটনা ৩টি। অ্যাম্বুলেন্স দুর্ঘটনার ৪৫টি ঘটনায় মোট ১৬২ জন নিহত হয়েছেন।

বাস যাত্রী হিসেবে একই পরিবারের ২ জন নিহতের ঘটনা ঘটেছে ১৭টি, ৩ জন নিহতের ঘটনা ৯টি, ৪ জন নিহতের ঘটনা ৬টি। মোট ৩২টি দুর্ঘটনায় ৮৫ জন নিহত। এছাড়া পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একই পরিবারের ৪ জন নিহতের ঘটনা ঘটেছে ১টি।

দুর্ঘটনার কারণ ও সুপারিশ : ফাউন্ডেশনের বিশ্লেষণে সড়ক দুর্ঘটনার কয়েকটি কারণ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে–কাজ বা অবকাশ যাপনের উদ্দেশ্যে একই পরিবারের সব সদস্যের একসঙ্গে যাতায়াতের প্রবণতা বৃদ্ধি, মহাসড়কে অটোরিকশা চলাচল, অধিকাংশ মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের চলাচলের উপযোগিতা ও ফিটনেস সনদ না থাকা, এসব যানবাহনের চালকদের পর্যাপ্ত দক্ষতার অভাব, পর্যাপ্ত বিশ্রাম ছাড়াই দীর্ঘ সময় গাড়ি চালানো, মানসম্মত হেলমেট ব্যবহার না করা, বেপরোয়া মোটরসাইকেল চালানো এবং ট্রাফিক আইন অমান্যের প্রবণতা।

প্রতিবেদনে কয়েকটি সুপারিশও তুলে ধরা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেলের চালক ও আরোহীদের উন্নত মানের হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে মোটরযান চালানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া সব মহাসড়কে সড়ক বিভাজক ও সার্ভিস রোড নির্মাণ, গ্রামীণ সড়ক যাতে সরাসরি মহাসড়কের সঙ্গে যুক্ত না হয়, সে জন্য নিরাপদ সড়ক নকশা প্রণয়ন, সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল যথাযথভাবে তদারকি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক কার্যকারিতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। সড়ক ব্যবহারকারীদের জ্ঞান ও সক্ষমতা বাড়াতে শিক্ষামূলক ও জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণেরও পরামর্শ দিয়েছে ফাউন্ডেশন।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু