আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি ও আসওয়াদ ক্রিকেট একাডেমি নিজ নিজ খেলায় জয় পেয়েছে। শহীদ শাহজাহান মাঠে শুক্রবার সকালে দিনের প্রথম ম্যাচে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি ৭৭ রানে কোয়ালিটি স্কুল অব ক্রিকেটকে পরাজিত করে। ম্যাচে বিজিত দলের সাকিব আখন্দ ৫টি উইকেট লাভ করেন। টসে জিতে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট দল সন্দ্বীপ ক্রিকেট একাডেমিকে ব্যাট করতে পাঠায়। প্রথমে ব্যাট করে সন্দ্বীপ ক্রিকেট একাডেমির ব্যাটসম্যান তারেক ৩০ বলে সর্বোচ্চ ৭০ রান করেন। এছাড়া ওবায়দুল ২১ বলে অপরাজিত ৪২, আবদুল মতিন ২৫, এ কে রানা ২০ এবং মো. আরিফুল আলম ১৮ রান করেন। নির্ধারিত ১৮ ওভারে ৮ উইকেটে ১৯৯ রান সংগ্রহ করে সন্দ্বীপ ক্রিকেট একাডেমিকে।
জবাবে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট ১৩.২ ওভারে ১২২ রান করে গুটিয়ে যায়। দলের পক্ষে জিসানুল কাদির ২৭ বলে সর্বোচ্চ ৪২, ইনজামুল হক ১১ ও আশরাফ নাহিদ ১১ রান করেন। বল হাতে বিজয়ী দল সন্দ্বীপ ক্রিকেট একাডেমির মো. আরিফুল আলম ১৫ রানে ৪টি, সাইকুত ২টি উইকেট লাভ করেন। এছাড়া তাইজুল, মো. রানা ও ওবায়দুল ১টি করে উইকেট পান। বিজিত দল কোয়ালিটির পক্ষে সাকিব আখন্দ ৪ ওভারে ৪৩ রানে ৫ উইকেট লাভ করেন। এছাড়া সাদমান আলম ২টি ও আবদুল মোমেন রাকিব ১ উইকেট পান। খেলা শেষে ম্যান অব দি ম্যাচ সন্দ্বীপ ক্রিকেট একাডেমির মো. আরিফুল আলমের হাতে ট্রফি ও প্রাইজমানি এবং ৫ উইকেট পাওয়া কোয়ালিটির সাকিব আখন্দের হাতে বল তুলে দেন চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ মফিজুল হক ভূঁইয়া। দুপুরে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় আসওয়াদ ক্রিকেট একাডেমি ১০৩ রানে ওসিএস ফিউচার স্পোর্টসকে পরাজিত করে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে আসওয়াদ ক্রিকেট একাডেমি মোস্তাকিমের অনবদ্য শতকে (৪৩ বলে ১২৭ রান) ৩ উইকেটে ২৬৪ রান সংগ্রহ করে। দলের হয়ে অন্যদের মধ্যে আইয়ুব ৪৮, সাগর ৩৭ ও রুবেল অপরাজিত ২৩ রান করেন। জয়ের লক্ষে বিশাল টার্গেট তাড়া করতে গিয়ে ওসিএস ফিউচার স্পোর্টস ১৫.৫ ওভারে ১৬১ রানে গুটিয়ে যায়। বল হাতে বিজয়ী দলের সোহাগ ১১ রানে ৩টি, আরিফ ১৮ রানে ২টি উইকেট পান। আলবি, রুবেল ও সাগর ১টি করে এবং বিজিত দলের শান্ত, নাফিজ ও রাব্বি ১টি করে উইকেট লাভ করেন। দ্বিতীয় খেলার ম্যান অব দ্যা ম্যাচ আসওয়াদ ক্রিকেট একাডেমির মোস্তাকিমের হাতে পুরস্কার তুলে দেন রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় বিদ্যুৎ প্রকৌশলী তাকি আল ছাওয়াল। আজ শনিবার সকাল ৯টায় সাইনিং স্পোর্টস একাডেমি এবং ইস্পাহানি রয়েল ব্রাদার্স এবং দুপুর ১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আলো সিঁড়ি ক্লাব পরস্পরের মুখোমুখি হবে।












