লোহাগাড়ায় ইয়াবা সেবন করে মাকে মারধরের অভিযোগে দিদারুল আলম (২২) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার চরম্বা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাজঘাটা এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মং এছেন। দণ্ডপ্রাপ্ত দিদারুল আলম ওই এলাকার কবির আহমদের পুত্র।
দিদারের মা নাছিমা আক্তার জানান, বেশ কিছুদিন যাবত তার ছেলে ইয়াবা সেবন করে তাকে মারধর করে আসছিল। গত সোমবারও তাকে বাড়িতে থাকতে দেওয়া হয়নি। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গিয়ে অভিযোগ করেন তিনি। ছেলেকে কারাদণ্ড দেওয়ায় উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, ছেলের হাতে মারধরের শিকার হওয়ার অভিযোগ নিয়ে দিদারের মা ইউএনও কার্যালয়ে আসেন। পরে ইউএনওর নির্দেশনায় মায়ের জবানবন্দি নেওয়া হয়। এ সময় দিদারুল আলম দীর্ঘ সাত মাস ধরে ইয়াবা সেবনের বিষয়টি স্বীকার করে। মাকে মারধরের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।











