বায়েজিদে যুবদল কর্মী জীবন হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

চান্দগাঁওয়ে চুরির অভিযোগে পিটিয়ে হত্যা মামলার আসামি আলম পাইকও গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩ নভেম্বর, ২০২৬ at ১০:২৩ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ বোস্তামী থানার যুবদল কর্মী আবু ইউসুফ প্রকাশ জীবন হত্যা মামলার প্রধান আসামি জিল্লুর রহমান জুয়েল ও তার সহযোগী আরমানকে গ্রেপ্তার করেছে এসআরবি–৭। এছাড়াও ২৬ অক্টোবর নগরীর চান্দগাঁওয়ে সিএনজিচালিত অটোরিকশার গ্যারেজে চুরির অভিযোগে মো. হাসান (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যা মামলার আসামি আলম পাইককেও গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে নগরের বহদ্দারহাটে এসআরবি–৭ এর চান্দগাঁও ক্যাম্পের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি–৭–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, গত ২৭ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকায় আবু ইউসুফ প্রকাশ জীবনকে লাঠি ও ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন আসামিরা। এতে তার ডান পায়ের হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত গুরুতর জখম হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে গত ২৯ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজনৈতিক পক্ষ পরিবর্তন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় জীবনের মা বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেন।

তিনি আরও বলেন, মামলার আসামি আরমানকে ১ নভেম্বর রাতে কুমিল্লার কোতোয়ালী থানার ঠাকুরপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার দিবাগত রাতে ঢাকার ভাটারা এলাকা থেকে প্রধান আসামি জুয়েলকে গ্রেপ্তার করা হয়।

এদিকে গতকাল সোমবার বিকেলে নগরের বহদ্দারহাটে এসআরবি–৭ এর চান্দগাঁও ক্যাম্পের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় গত ২৬ অক্টোবর সকালে নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা সিএন্ডবি

এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার গ্যারেজে চুরির অপবাদে মো. হাসান (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করে লাশ পাশ্ববর্তী জঙ্গলে ফেলে দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ৫ নম্বর মোহরা ওয়াডের্র সিএন্ডবি আট গাছতলা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে।

চুরির অভিযোগে মোহাম্মদ হাসানকে পিটিয়ে হত্যার মামলার আসামি আলম পাইককে গতকাল সোমবার দুপুরে নগরের চান্দগাঁও থানার আরাকান সড়কের একটি রেস্তোরাঁর সামনে থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধলেগুনার সিটের নিচে মিলল অস্ত্র ও কার্তুজ, একজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধলন্ডনে চট্টগ্রাম উৎসব গুণীজনদের সম্মাননা