
চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট টি–২০ লিগের (সিএফএল) দ্বিতীয় আসরে ফাইনালে উঠেছে এনএইচটি স্পোর্টস ও রাইয়ান স্পোর্টস। এদিকে আজ ২৮ অক্টোবর সিএফএল লিগের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত খেলাটি স্থগিত করা হয়েছে। অতি শীঘ্রই ফাইনাল খেলার তারিখ এবং ভেন্যু ঘোষণা করা হবে জানিয়েছেন টুর্নামেন্টের আয়োজকরা। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত সেমিফাইনালে এনএইচটি স্পোর্টস ৭ উইকেটে অগ্রসর বয়েজ ক্লাবকে এবং রাইয়ান স্পোর্টস ৬ রানে আম্বিয়া স্পোর্টসকে পরাজিত করে। প্রথম সেমিফাইনালে টসে হেরে বাকলিয়া অগ্রসর বয়েজ ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভার খেলে ৯ উইকেটে ৯৪ রান করে। জবাবে এনএইচটি স্পোর্টস ১৪.৪ ওভারে ৩ উইকেটে ৯৫ রান তুলে নেয়। ১৪ রানে ৩ উইকেট নিয়ে শোয়াইব চৌধুরী ম্যাচসেরা হন। শোয়াইব চৌধুরী ও গেম চেঞ্জার ইফতেখার ইফতু’র (৪০ রান) হাতে পুরস্কার তুলে দেন এনএইচটি স্পোর্টসের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ তানসির। অপর সেমিফাইনালে টসে হেরে রাইয়ান স্পোর্টস প্রথমে ব্যাট করে ১৫.৩ ওভার খেলে ৬৮ রানে আউট সবাই হয়ে যায়। এই ছোট ইনিংস তাড়া করতে গিয়ে আম্বিয়া স্পোর্টস ২০ ওভারে ৯ উইকেটে ৬২ রানে থেমে যায়। ১০ রানে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হন রাইয়ান স্পোর্টসের তানভির ইসলাম। তানভির ও গেম চেঞ্জার একই দলের জায়েদউল্লাহ’র (২৫ রান) হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক দিদারুল আলম চৌধুরী।











