কাতারে আগামী ১৯ নভেম্বর শুরু হবে এশিয়া কাপ রাইজিং স্টার্সের এবারের আসর। টুর্নামেন্টের গ্রুপ বিন্যাস ও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ৫০ ওভারের এই প্রতিযোগিতায় ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশ ‘এ’ দলকে খেলতে হবে শ্রীলঙ্কা ‘এ’ দল, আফগানিস্তান ‘এ’ দল ও হংকংয়ের বিপক্ষে। বাংলাদেশের টুর্নামেন্ট শুরু হবে ১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২১ নভেম্বর আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হবে দলটি। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৩ নভেম্বর, প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’ দল। এবারের আসরে মোট আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ‘এ’ দলের সঙ্গে রয়েছে হংকং। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ভারত ‘এ’ দল, পাকিস্তান ‘এ’ দল, নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দল। কাতারের ওয়েস্ট এন্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং ইউনিভার্সিটি অব দোহা ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ম্যাচগুলো। গ্রুপ পর্বের লড়াই শেষে ২৬ ও ২৭ নভেম্বর দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আর ২৯ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।












