বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার জাপানের প্রধানমন্ত্রীর

| বুধবার , ২৮ অক্টোবর, ২০২৬ at ৬:৫২ পূর্বাহ্ণ

অভিন্ন সমৃদ্ধি অর্জনে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে গতকাল মঙ্গলবার দেওয়া এক পোস্টে তিনি লেখেন, কৌশলগত অংশীদারত্ব জোরদার এবং অভিন্ন সমৃদ্ধি অর্জনে জাপান বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।

এর আগে সকালে জাপান সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন সানায়ে তাকাইচি। এই বৈঠকের পর নিজের এঙ অ্যাকাউন্টে এ পোস্ট দেন তিনি। পোস্টে তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে পেরে তিনি আনন্দিত। গণতন্ত্র ও আইনের শাসনের মূল্যবোধে বিশ্বাসী বন্ধুপ্রতিম বাংলাদেশ। গণতান্ত্রিক সাধারণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা তারেক রহমান সরকারের রাষ্ট্র গঠন প্রচেষ্টায় জাপান জোরালো সমর্থন দেবে। খবর বিডিনিউজের।

অভিন্ন মূল্যবোধ এবং একটি অবাধ ও উন্মুক্ত ভারত–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল (এফওআইপি) প্রতিষ্ঠায় বাংলাদেশের গুরুত্ব বিবেচনায় নিয়ে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলেও তথ্য দেন জাপানের প্রধানমন্ত্রী। তাকাইচি জানান, দুই দেশ দ্বিপক্ষীয় সহযোগিতার গুরুত্বপূর্ণ কাঠামো বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি বলয়কে যৌথ সমৃদ্ধির জন্য ‘বিগ–বি’ নামে একটি নতুন কৌশলগত উদ্যোগে উন্নীত করতে সম্মত হয়েছে।

তিনি লেখেন, তারেক রহমান শান্তিপ্রিয় দেশ হিসেবে জাপানের ভূমিকা এবং বাংলাদেশের স্বাধীনতার পর জাপানের প্রাথমিক স্বীকৃতি দেওয়ার বিষয়টি স্মরণ করেছেন। বাংলাদেশের মানুষের হৃদয়ে জাপানের বিশেষ স্থান রয়েছে।

দক্ষিণ এশিয়া ও দক্ষিণ–পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী কৌশলগত অবস্থান এবং ১৭ কোটি মানুষের বৃহৎ বাজারের কারণে জাপানের অর্থনীতির জন্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করে সানায়ে তাকাইচি। দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পরে প্রকাশিত যৌথ বিবৃতির বিষয়টি স্মরণ করে তিনি বলেন, কৌশলগত অংশীদারত্বের আওতায় দুই দেশ সরকারি ও বেসরকারি খাতের উদ্যোগের মাধ্যমে একসঙ্গে কাজ করবে। একসঙ্গে আমরা আরও শক্তিশালী ও সমৃদ্ধ হব।

পূর্ববর্তী নিবন্ধনগরীর বড় অংশ দুই ঘণ্টা বিদ্যুৎহীন, ভোগান্তি
পরবর্তী নিবন্ধজাপান-বাংলাদেশ বন্ধুত্ব হোক যৌথ সমৃদ্ধির চালিকাশক্তি : তারেক রহমান