ওমানে বাংলাদেশ দূতাবাস পরিদর্শনে এমপি সুফিয়ান

প্রবাসীদের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান

| সোমবার , ২৬ অক্টোবর, ২০২৬ at ৬:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান ওমানের রাজধানী মাস্কাটে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন। গতকাল রোববার তিনি দূতাবাসে উপস্থিত হয়ে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় আবু সুফিয়ান প্রবাসী বাংলাদেশিরা যাতে দূতাবাসকে নিজেদের ঘর মনে করে স্বাচ্ছন্দ্য ও স্বস্তির সঙ্গে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারেন, তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। একই সঙ্গে প্রবাসীদের কল্যাণে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য তিনি তাদের প্রতি আহ্বান জানান।

পরে তিনি দূতাবাসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবা নিতে আসা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি দূতাবাসের সেবার মান ও বিভিন্ন বিষয়ে তাঁদের অভিজ্ঞতা ও মতামত জানতে চান। প্রবাসী বাংলাদেশিরা এ সময় দূতাবাসের সেবার মান আগের তুলনায় উন্নত হয়েছে বলে তাকে জানান।

মতবিনিময়কালে বাংলাদেশ দূতাবাস, ওমানের চার্জ দ্য অ্যাফেয়ার্স মাহমুদুর রহমান, কনসাল জেনারেল রাফিউল ইসলামসহ দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ওমানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ পরিদর্শনে প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করা, প্রয়োজনীয় সেবা সহজলভ্য করা এবং দূতাবাসের সঙ্গে তাদের যোগাযোগ আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম গত জুলাই মাসে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পাওয়ায় বর্তমানে দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের পদটি শূন্য রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমনজুর আলমের সঙ্গে আমিন ভাণ্ডার দরবার প্রতিনিধিদলের মতবিনিময়
পরবর্তী নিবন্ধচন্দ্রঘোনায় খালেদা জিয়া স্মৃতি উন্মুক্ত মিনিবার ফুটবলের উদ্বোধন