ভারতে সত্যজিৎ রায় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে সংঘাতের ঘটনায় শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন দিয়ে ক্ষমতাসীন দল বিজেপির তীব্র সমালোচনা করেছেন প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ। শনিবার ভিডিওবার্তায় তিনি বলেছেন, যারা বিজেপির মতাদর্শ ও নীতি মেনে নেয় না, তাদের ওপর প্রতিশোধ নিচ্ছে দলটি। খবর বিডিনিউজের।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির কারচুপিপূর্ণ বিজয়ের পর এসআরএফটিআই এর শিক্ষার্থীরাই তাদের রাজনৈতিক প্রতিহিংসার সর্বশেষ শিকার। নাসিরুদ্দিন বলেন, বিজেপি মিথ্যাবাদীর দল। যারা তাদের বিশ্বাস ও নীতি মেনে চলে না, নির্বাচনে কারচুপিপূর্ণ বিজয়ের পর এমন প্রতিটি মানুষের ওপর প্রতিশোধ নিতে তারা মরিয়া। এই রাজনৈতিক প্রতিহিংসার সর্বশেষ শিকার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং ভবিষ্যৎ চলচ্চিত্র নির্মাতারা। শিক্ষার্থীদের শোকজ নোটিস দেওয়া হয়েছে। নজরদারিতে রাখা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। এমনকি হোস্টেল খালি করার নির্দেশও দেওয়া হয়েছে।
ভারতের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ অনলাইন জানিয়েছে, এসআর এফটিআইতে গত ২৭ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে শিক্ষার্থী, আরএসএস সংশ্লিষ্ট ভোক্তা সচেতনতামূলক সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত এর সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়।











