আইআইইউসিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা

| রবিবার , ২৫ অক্টোবর, ২০২৬ at ৮:১৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-তে মানসিক স্বাস্থ্যবিষয়ক মেন্টাল হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রথম সেশনে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ বিষয়ে সেশন পরিচালনা করেন চবি মেডিকেল সেন্টারের মেন্টাল হেলথ সেন্টারের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আফজাল হোসেন। দ্বিতীয় সেশনে ‘মাস্টারিং ইমোশনাল ইন্টেলিজেন্স’ বিষয়ে সেশন পরিচালনা করেন চবি মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. শাহিনুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির উপ–উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী। বক্তব্য দেন, রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাশেম, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান এবং শরিয়াহ ও ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ রশীদ জাহেদ। এসময় আইইউসির উপ–উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী বলেন, মানসিক স্বাস্থ্যবিষয়ক এই ধরনের সেশন আয়োজন বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ইউজিসি ও অ্যাক্রেডিটেশন কাউন্সিলের একটি প্রয়োজনীয় শর্ত। মানসিক সুস্থতা সবার জন্য অত্যন্ত জরুরি উল্লেখ করে তিনি বলেন, মানসিক সমস্যা বলতে শুধু গুরুতর মানসিক অসুস্থতাকে বোঝায় না; বরং কাজের চাপ, পড়াশোনা, পরীক্ষার ফলাফল, পারিবারিক ও আর্থিক চাপসহ নানা কারণে মানুষ বিভিন্ন ধরনের মানসিক চাপের মুখোমুখি হয়। এসব চাপ কীভাবে মোকাবিলা করতে হবে, সে বিষয়ে আরও বেশি সচেতনতা প্রয়োজন। বাঁচতে হলে জানতে হবে, এ ধরনের কর্মশালার মাধ্যমে অর্জিত জ্ঞান নিজের জীবনে চর্চা করার পাশাপাশি অন্যদের মধ্যেও ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি

কর্মশালার আহ্বায়ক ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সিরাজুল ইসলাম।

এতে সঞ্চালনা করেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক মোহাম্মদ মামুনুর রশীদ। এই কর্মশালায় শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে সামর্থ্যবানদের এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধরাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে