মীরসরাই সীমান্তে অভিযান চালিয়ে তিনটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক মূল্য দুই লাখ টাকা। গতকাল শনিবার ভোর চারটার দিকে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীন ছোটফরিংগা বিওপির হাতিমারা এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, ছোটফরিংগা বিওপির একটি টহল দল হাতিমারা এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরুগুলো ফেলে ভারতের ভেতরে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে গরু তিনটি জব্দ করা হয়। রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।












