ফটিকছড়িকে সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে আলেমদের সহযোগিতা প্রয়োজন

নাজিরহাট বড় মাদরাসার বার্ষিক মাহফিলে সরোয়ার আলমগীর এমপি

| শনিবার , ২৪ অক্টোবর, ২০২৬ at ৮:১০ পূর্বাহ্ণ

বিগত জাতীয় সংসদ নির্বাচনে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর নেতৃত্বে সারা দেশে আলেম–ওলামারা বিএনপিকে যেভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই প্রধানমন্ত্রী তারেক রহমান ফটিকছড়িতে এসে হেফাজতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

গতকাল শুক্রবার ফটিকছড়ির নাজিরহাট বড় মাদরাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান তারেক রহমান সরকার আলেম–ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করছে। বেহেশতের টিকিট বিক্রিকারীদের থেকে সতর্ক থাকতে হবে। ফটিকছড়িকে একটি সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে আলেম–ওলামাদের সহযোগিতা প্রয়োজন। এ জন্য তিনি তাঁদের সার্বিক সহযোগিতা কামনা করেন। খবর বাংলানিউজের।

নাজিরহাট বড় মাদরাসা (আল–জামিয়াতুল আরবিয়া নছিরুল ইসলাম, নাজিরহাট)-এর মুহতামিম মাওলানা মুফতি হাবিবুর রহমান কাসেমীর সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাছির উদ্দীন, জাহাঙ্গীর আলম চৌধুরী চেয়ারম্যান, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল, হাসানুল কবির, মোজাহারুল ইকবাল লাভলু, প্রিন্স ওমর ফারুক, আরফাত তোষার, আরমান উদ্দিন কালু, মো. সোলেমান, মোজাম্মেল হক অভি, আমান উল্লাহ, শেখ সুমন, হাসান উল্লাহসহ স্থানীয় আলেম–ওলামারা। পরে সংসদ সদস্য সরোয়ার আলমগীর ধর্মপুর এমদাদুল উলুম মাদরাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। মাদরাসার মুহতামিম মাওলানা শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার চৌধুরী, মো. ইউসুফ, মো. মহসিন, মো. মান্নান, মো. হাসেম, তারেকুল ইসলাম তারা, নাছির উদ্দীন, মোবারক হোসেন, নুরু উদ্দিনসহ স্থানীয় আলেম–ওলামারা।

পূর্ববর্তী নিবন্ধচাকসুর বর্তমান ক্যাবিনেটের মতো কাজ ভবিষ্যতেও কেউ করতে পারবে না