মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থির বিশ্ববাজার, ১১২ ডলার ছাড়াল তেলের দাম

| শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার এবং গুরুত্বপূর্ণ তেল সরবরাহপথে হামলার ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলা এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগের মধ্যে গতকাল বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১২ ডলার ছাড়িয়েছে। খবর বাংলানিউজের।

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ ডলার ৬ সেন্ট বা ২ দশমিক ৮১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১১ ডলার ৮৮ সেন্টে দাঁড়িয়েছে। দিনের লেনদেনে একপর্যায়ে দাম ১১২ ডলার ৫৫ সেন্টে পৌঁছায়, যা গত ১৮ মে–এর পর সর্বোচ্চ। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ ডলার ৪ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ ডলার ১৯ সেন্টে দাঁড়িয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো ও সমুদ্রপথে হামলার কারণে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা বাজারে প্রভাব ফেলছে।

তেলবাজার বিশ্লেষক প্রতিষ্ঠান পিভিএমের বিশ্লেষক তামাস ভার্গা বলেন, হরমুজ প্রণালীতে জাহাজে হামলা এবং সৌদি আরবের তেল অবকাঠামোয় হুথি বিদ্রোহীদের হামলার প্রভাব তেলের বাজারে বেশি পড়ছে। তার মতে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত সংঘাত প্রশমনের সম্ভাবনা কম থাকায় তেলের দাম উচ্চপর্যায়ে থাকতে পারে। রয়টার্স জানিয়েছে, সৌদি আরবে হামলার পর রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো ধাহরানে অবস্থিত সদর দপ্তর থেকে কর্মীদের সরিয়ে নিয়ে দূর থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। এদিকে সৌদি আরবে কয়েকটি মার্কিন কূটনৈতিক মিশন থেকে কিছু কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বুধবার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইয়েমেনের ইরান–সমর্থিত হুথি বিদ্রোহীরা। এসব হামলায় দাম্মামের একটি বেসামরিক বিমানবন্দরে একজন নিহত ও আটজন আহত হন। দেশটির একটি তেলক্ষেত্রে ড্রোন হামলায় আরও দুজন নিহত হন। এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, উত্তর উপসাগরে তেল স্থানান্তরের সঙ্গে যুক্ত চারটি জাহাজে হামলা চালানো হয়েছে।

এতে জাহাজগুলোতে আগুন ধরে যায়। হরমুজ প্রণালীর পশ্চিমে আরও তিনটি জাহাজ মাইনের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বলেও দাবি করেছে বাহিনীটি। লিবিয়াতেও তেল উৎপাদনে বিঘ্ন ঘটেছে। হামাদা ও তাহারা তেলক্ষেত্র থেকে জাওইয়া বন্দরে তেল পরিবহনের একটি পাইপলাইনের ভালভ বন্ধ করে দেওয়ায় উৎপাদন কমেছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় তেল করপোরেশনের প্রধান। জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশটির জরুরি হিটিং অয়েল মজুতের প্রায় এক–তৃতীয়াংশ ঋণ হিসেবে দেওয়ার প্রস্তাব দিয়েছে। এদিকে তেল ও গ্যাস আমদানিতে মিথেন নিঃসরণসংক্রান্ত ইউরোপীয় ইউনিয়নের বিধি কার্যকরে তিন বছর বিলম্বের প্রস্তাব অনুমোদন করেছে ইউরোপীয় পার্লামেন্ট।

পূর্ববর্তী নিবন্ধজাপানে উড়োজাহাজে সাপ, বাতিল হল ফ্লাইট
পরবর্তী নিবন্ধকূটনীতিকদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের