আমাদের মাঝখানে
একটি অনুস্বার ঘুমিয়ে আছে।
অমেয় দ্বন্দ্ব ও হলুদ বনে
সাদা কাশফুলের সংবাদের কাছে।
ফালিফালি করে কাটা চাঁদের মাংস
মুখর হয়ে বলছে জিঘাংসার কুহক!
একটি রিরংসার শিং কোথাও বিব্রত করছে;
খুঁড়ে খুঁড়ে দিয়ে যাচ্ছে শৃঙ্গার!
বিভ্রম পাক খেয়ে উঠে যাচ্ছে,
উঠে যাচ্ছে শূন্যের ঠোঁটের কাছে।
ঠিক একটি শানিত ইস্পাত
রক্তচুম্বন করবে বলে তলোয়ারের
মতো বাঁক খেয়ে আছে!
আমাদের হিংসার অনুস্বার এক বৃন্তে যুক্ত
সাপের জিহ্বার মতো দুভাগ হয়ে
হিসহিস করে আসছে যাচ্ছে।
খুঁজে চলছে মৃদুতর গুপ্ত সংকেত!











