চট্টগ্রামে অমিতের ৬ রানের অপেক্ষা সিলেটে চট্টগ্রামের প্রয়োজন ১০১ রান

জাতীয় ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২১ অক্টোবর, ২০২৬ at ১০:০৯ পূর্বাহ্ণ

জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে চট্টগ্রাম ভেন্যুতে রংপুরের বোলার–ফিল্ডারদের ধৈর্যের পরীক্ষা নিয়েছে সিলেট। পুরো দিন ৮৬ ওভার ব্যাটিং করে মোটে ২০১ রান করেছে তারা। বিপরীতে অবশ্য হারিয়েছে ৮টি উইকেট। তৃতীয় দিন শেষে সিলেটের লিড এখন ২০৮ রানের। শেষ দিন লক্ষ্য বাড়ানোর অভিযানে নামবেন অমিত হাসান। তবে অন্য প্রান্তে তাকে সঙ্গ দেওয়ার মতো স্বীকৃত ব্যাটসম্যান কেউ বাকি নেই। দিনের শুরুতে জাকির হাসানের বিদায়ের পর আর তেমন বড় কোনো জুটি পায়নি সিলেট। ষষ্ঠ উইকেটে আশরাফুল হোসেনের সঙ্গে এখন পর্যন্ত ইনিংসের সর্বোচ্চ ৫৩ রানের জুটি গড়েন অমিত। আগের দুই ম্যাচে ব্যর্থতার পর এবার ৬ চারে ৯৪ রানে অপরাজিত সমপ্রতি জাতীয় দল থেকে বাদ পড়ে এই ব্যাটসম্যান।

এদিকে সিলেটের আউটার মাঠে জমে উঠেছে খুলনা ও চট্টগ্রাম ম্যাচ। শেষ দিন জয়ের জন্য চট্টগ্রামের করতে হবে ১০১ রান। খুলনার নিতে হবে ৫ উইকেট। দিনের শুরু থেকেই চমৎকার ব্যাটিং করেন আজিজুল। তবে দলের আড়াইশ পেরোতেই সঙ্গীর অভাবে একা হয়ে যান ১৯ বছর বয়সী ওপেনার। তবে লড়াই থামাননি। সফর আলিকে নিয়ে দশম উইকেটে আরও ৬৭ রান যোগ করেন আজিজুল। জুটিতে সফরের অবদান ২১ বলে ০ রান। ৭০ ওভারে খুলনা দ্বিতীয় নতুন বল নেওয়ার পর শরিফের বলে পরপর দুই ছক্কায় ৮৮ থেকে সেঞ্চুরিতে পৌঁছান আজিজুল। তবে সেখানেই থেমে যাননি। দায়িত্বশীল ব্যাটিংয়ে আরও ৪২ রান যোগ করেন তরুণ বাঁহাতি ব্যাটসম্যান। পরে মাহমুদুল হাসান জয়ের বলে রিভার্স সুইপের চেষ্টায় থামে ৯ চার ও ১০ ছক্কায় তার ১৪৭ বলে ১৪২ রানের ইনিংস। প্রথম শ্রেণির ক্রিকেটে আজিজুলের শুরুটা হলো দারুণ সম্ভাবনাময়। প্রথম চার ম্যাচের পাঁচ ইনিংসে তিনটি ফিফটি করেন তিনি। এবার পঞ্চম ম্যাচের দ্বিতীয় ইনিংসে পেলেন প্রথম সেঞ্চুরির স্বাদ। আজিজুলের বিদায়ে ৩২৩ রানে থামে খুলনার দ্বিতীয় ইনিংস। পরে ২৭৫ রানের লক্ষ্যে উড়ন্ত সূচনা করে চট্টগ্রাম। উদ্বোধনী জুটিতে ১৩০ রান যোগ করেন জয় ও সাদিকুর রহমান। এরপর দিনের শেষ ঘণ্টার নাটকীয়তায় ম্যাচে ফেরে খুলনা। সামিউন বশিরের কনকাশন বদলি হিসেবে নামা রাকিব হাওলাদের বলে সুইপ করতে গিয়ে বোল্ড হন জয়। ৭ চারে করেন তিনি ৬০ রান। রাকিবের বলে ছক্কায় ওড়াতে গিয়ে লং অনে ক্যাচ দেন ৮ চার ও ২ ছক্কায় ৭৬ রান করা সাদিকুর। পরে ইয়াসির আলি চৌধুরির কনকাশন বদলি নামা তাসামুল হক টিকতে পারেননি। শাহাদাত হোসেন ও নাইটওয়াচম্যান হিসেবে নামা হাসান মুরাদও দ্রুত ফিরে গেলে চাপে পড়ে যায় চট্টগ্রাম। শেষ দিন দলকে জেতানোর অভিযানে নামবেন অধিনায়ক ইরফান শুক্কুর ও শামীম হোসেন।

পূর্ববর্তী নিবন্ধরাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেটের ২টি সেমিফাইনাল কাল
পরবর্তী নিবন্ধফিফা র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশের মেয়েরা