শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে জেলায় ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পূজামণ্ডপগুলো। সকাল থেকে রাত পর্যন্ত মণ্ডপে মণ্ডপে চলছে পূজা–অর্চনা, প্রণাম ও উৎসবের আনন্দ ভাগাভাগি। তবে গতকাল মঙ্গলবার মহানবমীর আনুষ্ঠানিকতার মধ্যেই ভক্তদের মনে বাজতে শুরু করেছে বিদায়ের সুর। মহানবমী উপলক্ষে কেউ দলবদ্ধভাবে, আবার কেউ পরিবার–পরিজন নিয়ে ছুটছেন পূজামণ্ডপে। অনেকে ধূপকাঠি ও মোমবাতি জ্বালিয়ে দেবী দুর্গার কাছে প্রার্থনা করছেন। কোথাও ভক্তদের প্রণাম, কোথাও শিশুদের উচ্ছ্বাস, আবার কোথাও পরিবারের সদস্যদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগির দৃশ্য দেখা গেছে। খবর বাসসের।
ঢাকঢোল, শঙ্খ, ঘণ্টা ও কাঁসরের শব্দের পাশাপাশি বিভিন্ন বয়সী নারীদের উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে পূজামণ্ডপ ও আশপাশের এলাকা। উৎসবের আমেজে মেতে উঠেছেন সব বয়সী মানুষ।












