ব্রিটেনে ট্রেনে উচ্চস্বরে গান বাজানো বা ভিডিও দেখা যাত্রীদের সর্বোচ্চ ১০০০ পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে। সমাজবিরোধী আচরণ বন্ধ করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর বিডিনিউজের। ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, রেল কোম্পানিগুলো উচ্চস্বরে কথা বলা বা উচ্চ শব্দ সৃষ্টিকারী যাত্রীদের সতর্ক করতে ঘোষণা প্রচার করবে, তাদের হেডফোন ব্যবহার করার কথা মনে করিয়ে দেবে আর না শুনলে পরের স্টেশনেই ট্রেন থেকে নামিয়ে দেবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, অবিবেচক ভ্রমণকারীদের সামলানো গেলে তা আমাদের সবার জন্যই ভ্রমণকে আর একটু ভালো করতে তুলতে সাহায্য করবে। বার্নহ্যাম সোমবার এ বিষয়ে সরকার সমর্থিত একটি প্রচারণার সূচনা করবেন। এই প্রচারণায় যাত্রীদের আহ্বান জানানো হবে, বগি ভাগ করে নিন, কিন্তু কোলাহল নয়। রাষ্ট্রীয় মালিকানাধীন গ্রেট ব্রিটিশ রেলওয়েসহ ট্রেন কোম্পানিগুলো পুরো নেটওয়ার্কজুড়ে এ নিয়ে নোটিশ দেবে আর তাতে সতর্ক করা থাকবে যে, গান বাজানো একটি অপরাধ হতে পারে। নিয়ম ভঙ্গকারী যাত্রীদের হেডফোন ব্যবহার করতে অনুরোধ করার জন্য রেলকর্মীদের উৎসাহিত করা হবে।












