আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ ছেড়েছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি খেলোয়াড় মাহেলা জয়াবর্ধনে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন স্বদেশি চামিন্দা ভাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়াবর্ধনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি। প্রথম মেয়াদে ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত মুম্বাইয়ের প্রধান কোচ ছিলেন জয়াবর্ধনে। তার প্রথম মেয়াদে তিনবার আইপিএলের শিরোপা জয় করে মুম্বাই। ২০২৪ সালে আইপিএলে হতাশাজনক পারফরমেন্স করে মুম্বাই। ২০২৫ সালে আবারও মুম্বাইয়ের কোচের পদে ফিরেন তিনি। কিন্তু দলের দায়িত্ব নিয়ে মুম্বাইকে শিরোপা এনে দিতে পারেননি জয়াবর্ধনে। ২০২৫ ও ২০২৬ সালে পয়েন্ট টেবিলের তলানির দিকে ছিল মুম্বাই। বিদায় বেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মুম্বাইয়ের অফিসিয়াল পেইজে জয়াবর্ধনে বলেন ‘গত এক দশক ধরে মুম্বাই ইন্ডিয়ান্স আমার জীবনের সঙ্গে যুক্ত। খেলোয়াড় ও কোচ হিসেবে এই দলে দারুণ সময় কাটিয়েছি। এই দল একটা পরিবারের মতো। এই অভিজ্ঞতা আমার সারা জীবন মনে থাকবে।’ তিনি আরও বলেন, ‘একসঙ্গে যা অর্জন করেছি, তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত। মুম্বাই ইন্ডিয়ান্স সব সময় আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে। আগামী বছরগুলোতে দলটির সাফল্য কামনা করি।’ জয়াবর্ধনেকে ধন্যবাদ জানিয়েছেন মুম্বইয়ের মালিক নীতা অম্বানী। এদিকে আইপিএলে ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন শ্রীলংকার সাবেক পেসার চামিন্দা ভাস। আইপিএলের আগামী মৌসুমে দিল্লির কোচিং প্যানেলে দেখা যাবে তাকে। দিল্লির পেস বোলিং কোচ হিসেবে প্রথমবারের মত আইপিএলের মঞ্চে দায়িত্ব পালন করবেন ৫২ বছর বয়সী ভাস। সামাজিক মাধ্যমে এক ভিডিওতে ভাসকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি ক্যাপিটালস। তারা লিখেছে, ‘বিশ্বকাপজয়ী এবং শ্রীলংকার সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন ভাস। টাইগার টেরিটরিতে স্বাগতম, কোচ।’ আগামী আসরে দিল্লির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এছাড়া ব্যাটিং ও সহকারী কোচ হিসেবে দিল্লি নিয়োগ দিয়েছে ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংকে। গাঙ্গুলীর নেতৃত্বাধীন কোচিং স্টাফে যোগ দেবেন ভাস।












