শীঘ্রই উত্তর সাতকানিয়া নামে নতুন উপজেলা ঘোষণা হবে

কেরানীহাটে সমাবেশে জসীম উদ্দীন এমপি

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ১৮ অক্টোবর, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম–১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ বলেছেন, শীঘ্রই উত্তর সাতকানিয়া নামে নতুন উপজেলা ঘোষণা করা হবে। উত্তর সাতকানিয়া উপজেলা বাস্তবায়নে প্রশাসন ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। উত্তর সাতকানিয়া নামে নতুন উপজেলা এটা কেঁওচিয়া, বাজালিয়া, পুরানগড়, ধর্মপুর, কালিয়াইশ ও খাগরিয়ার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। নতুন উপজেলা ঘোষণার পর এ অঞ্চলের মানুষের প্রশাসনিক সেবা ও এলাকার উন্নয়ন কার্যক্রম অনেক সহজ হবে। নতুন উপজেলার দাবীতে কেরানীহাটের এই জনসমুদ্র প্রমাণ করেছে আরো অনেক আগে এ উদ্যোগ গ্রহণ করা দরকার ছিল। উত্তর সাতকানিয়ার মানুষের এই ঐক্য আগামীতেও ধরে রাখতে হবে তিনি বলে জানান। তিনি গতকাল শনিবার বিকালে সাতকানিয়ার কেরানীহাটে উত্তর সাতকানিয়া উপজেলা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মহাসমাবেশে কেঁওচিয়া, বাজালিয়া, পুরানগড়, ধর্মপুর, কালিয়াইশ ও খাগরিয়ার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা–কর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন অংশগ্রহণ করে। সমাবেশে আরো বক্তব্য রাখেন, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, মোজাম্মেল হক, বেলাল, কামরুল হাসান তালুকদার, মোরশেদুল আলম চৌধুরী মুন্না, মোঃ নাছির, ফরিদুল আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবার্জার নিয়ে এলো নতুন ‘উডকিপার প্রো’
পরবর্তী নিবন্ধস্থানীয় সরকার নির্বাচনে জনসম্পৃক্ত ব্যক্তিদের মনোনয়ন দিতে হবে