ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাবেক সামরিক মনোবিজ্ঞানী নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি লাইভ স্ট্রিম বা অনলাইনে প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে, ট্রাম্প ফোর্ট হুড হামলার অপরাধী নিদাল হাসানের মৃত্যুদণ্ড অনলাইনে সরাসরি সম্প্রচারের পক্ষে মতামত দিয়েছিলেন। তবে ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স এ নিয়ে সংশয় প্রকাশ করে জানান, তিনি নিজে এই দৃশ্য দেখতে চান না। ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া সমালোচনা তৈরি হওয়ার পর গতকাল বৃহস্পতিবার ট্রাম্প বলেন, অনেক শুভাকাঙ্ক্ষী ও সৎ মানুষই তার (নিদাল হাসান) মৃত্যুর দৃশ্য দেখতে চাইবেন না। খবর বিবিসি বাংলার।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ৭২ জন অবসরপ্রাপ্ত জেনারেল, অ্যাডমিরাল ও জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা সরকারের কাছে মৃত্যুদণ্ডের দৃশ্য লাইভ প্রচার করার পরিকল্পনা বাতিল করার জোর দাবি জানান। একটি চিঠিতে তারা লেখেন, আমরা প্রেসিডেন্ট, কংগ্রেসের প্রতিনিধি এবং আমাদের সহ–নাগরিকদের কাছে এই নিষ্ঠুর ক্ষমতার অপব্যবহার বন্ধে ব্যবস্থা নেওয়ার আকুল আবেদন জানাচ্ছি।
প্রেসিডেন্ট ট্রাম্প এখন বলছেন, যদি এই মৃত্যুদণ্ড প্রকাশ্যে প্রচার করা হতো, তবে আমেরিকা যে কীভাবে সন্ত্রাসী ও হাসানদের মতো মানুষদের মোকাবিলা করে, তা বিশ্বজুড়ে একটি বড় সতর্কবার্তা হতে পারত। তিনি আরো স্পষ্ট করেন, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ীই ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, কিন্তু এই প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচার বা লাইভ করা হবে না।
উল্লেখ্য, নিদাল হাসান ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র মার্কিন সেনাকে গুলি করে হত্যা করেছিলেন।











