হাটহাজারীতে ট্রাকের নিচে চাপা পড়ে নুরুন্নবী (৩৫) নামে এক ভ্যান গাড়ি চালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে চট্টগ্রাম–রাঙামাটি সড়কের হাটহাজারী পৌরসভার কলাবাগান ওয়াপদা গেটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুন্নবীর নোয়াখালী জেলার বসুরহাট থানার গাংচিল গ্রামের মো. ওলির ছেলে। তিনি হাটহাজারী এলাকায় ভাড়া বাসায় থেকে ভ্যান চালকের পেশায় নিয়োজিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নুরুন্নবী তার ব্যাটারিচালিত ভ্যান গাড়িটি রাউজানমুখী একটি ট্রাকের পাশ থেকে হঠাৎ করে ইউটার্ন নিতে গেলে ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। আশেপাশে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা–নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাটহাজারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রাউজান হাইওয়ে থানার ওসি মশিউর রহমান নিহতের ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।












