ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

| শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২৬ at ৫:১৭ পূর্বাহ্ণ

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী এডেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। তথ্যমন্ত্রী মোয়াম্মার আল–ইরইয়ানি বিবিসি–কে জানিয়েছেন, আল–মাশিক প্রাসাদে পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা অক্ষত ছিলেন, তবে আরও অনেকেই আহত হয়েছেন। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন, তারা এডেনে সৌদি শত্রুপক্ষের সামরিক অভিযান সদরদপ্তরে আঘাত হেনেছে। খবর বিডিনিউজের।

সৌদি আরবের নেতৃত্বাধীন কোয়ালিশন ইয়েমেন সরকারকে সমর্থন করছে এবং ইরান–সমর্থিত হুথিদের বিরুদ্ধে সরকারপন্থি বাহিনীর অভিযানের জন্য বিমান সহায়তা দিচ্ছে। ইয়েমেনের প্রধানমন্ত্রী শায়া মোহসেন জিনদানি এডেনে হুতিদের হামলার নিন্দা জানিয়ে একে কাপুরুষোচিত আখ্যা দিয়েছেন এবং এই হামলা তাদের অপরাধমূলক আচরণের ধারাবাহিকতা বলে অভিহিত করেছেন। জিনদানি বলেন, সরকার কাজ চালিয়ে যাচ্ছে। তিনি অঙ্গীকার করে বলেন, ইয়েমেনের লোহিত সাগর উপকূল ও অন্যান্য যুদ্ধক্ষেত্রে হুতিদের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের সেনাদের মনোবল এই হামলার ঘটনায় একটুও কমবে না।

পূর্ববর্তী নিবন্ধহরমুজ প্রণালির কাছে ২৪ ঘণ্টার মধ্যে ডুবল দুই জাহাজ
পরবর্তী নিবন্ধস্থানীয় সরকারে জরুরি ছাড়া সব দরপত্র, কেনাকাটা স্থগিতের নির্দেশ