আধুনিক চক্ষু সেবা পৌঁছে দিতে দৃষ্টি আই হাসপাতাল বিশেষ ভূমিকা রাখবে

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র

| বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২৬ at ১০:১৬ পূর্বাহ্ণ

উন্নতমানের আধুনিক প্রযুক্তি ও বিশেষায়িত চিকিৎসা সেবার অঙ্গীকার নিয়ে বন্দরনগরী চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকায় যাত্রা শুরু করেছে ‘দৃষ্টি আই হাসপাতাল চট্টগ্রাম’। গত ১৩ অক্টোবর সন্ধ্যায় নগরীতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

দৃষ্টি আই হাসপাতাল চট্টগ্রাম লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শেষে ফিতা এবং কেক কেটে হাসপাতালের উদ্বোধন ঘোষণা করেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা কামনা করে বলেন, চট্টগ্রামবাসীর জন্য আন্তর্জাতিক মানের চোখের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ ধরনের আধুনিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এবং সর্বস্তরের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে আধুনিক চক্ষু সেবা পৌঁছে দিতে দৃষ্টি আই হাসপাতাল বিশেষ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। স্মৃতিচারণ করে তিনি বলেন, চট্টগ্রামবাসীর চিকিৎসার জন্য তিনি নিজ উদ্যোগে অত্যাধুনিক প্রযুক্তির সমাহার ঘটান আজ থেকে দুই দশকেরও আগে। সকলের নাগালের মধ্যে উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার জন্য সিটি কর্পোরেশনের স্বাস্থ্য সেবার সাথে দৃষ্টি হাসপাতালকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এর ফলে ঢাকার সমান্তরালে চট্টগ্রামবাসী চোখের চিকিৎসার ক্ষেত্রেও পেতে পারে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। তার নির্বাচনী এলাকায় অবস্থিত এই দৃষ্টি হাসপাতাল পরিচালনায় তিনি সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া চট্টগ্রাম অঞ্চলের বিশিষ্ট চিকিৎসকমণ্ডলী, সামাজিক ব্যক্তিবর্গ এবং হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উদ্বোধনী আয়োজনে অংশ নেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীদের আধুনিক ও মানসম্মত সেবা নিশ্চিত করতে এখানে যুক্ত করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির চোখের ডায়াগনস্টিক ও সার্জিক্যাল যন্ত্রপাতি। বিশেষ করে লেজার প্রযুক্তি এবং বিশেষায়িত রেটিনা সার্জারির সেট আপ। সেই সাথে ফাকো, রেটিনা, কর্নিয়া, ওকুলোপ্লাস্টিক, শিশু চক্ষু রোগ বিশেষজ্ঞদের একটি শক্তিশালী সমন্বিত টিম।

হাসপাতালের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরের পক্ষ থেকে রোগীবান্ধব পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে চট্টগ্রামবাসীর চিকিৎসা সেবা প্রদানের অঙ্গীকার করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপণ্যের মান বজায় রাখার ক্ষেত্রে আপস করবে না বিএসটিআই
পরবর্তী নিবন্ধব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতা সেমিনার