চাকসুর উদ্যোগে সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২৬ at ৮:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (চাকসু) সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিভাগের উদ্যোগে আয়োজিত ‘সিরাত পাঠ প্রতিযোগিতা–২০২৬’–এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় প্রথম থেকে দশম স্থান অর্জনকারী ১০ শিক্ষার্থীকে নগদ অর্থ, ক্রেস্ট, সনদ ও সিরাত গ্রন্থ পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

গতকাল সোমবার চাকসু ভবনের দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে চাকসুর সহ–সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ আহনাফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি। বিশেষ অতিথি ছিলেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব ও সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেস মাতাব্বর। এ ছাড়া উপস্থিত ছিলেন সহ–যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবায়দুল সালমান এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মেহেদী হাসান সোহান। প্রধান অতিথির বক্তব্যে চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, “রাসূল (সা.) মানবজাতির জন্য শ্রেষ্ঠ আদর্শ। তিনি একাধারে রাষ্ট্রনায়ক, বীর যোদ্ধা ও পরিবার–সমাজের পথপ্রদর্শক। এমন কোনো বিষয় নেই, যেখানে প্রিয় নবিজির ভূমিকা ছিল না। আল্লাহ তায়ালা বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, তাঁর জীবনাদর্শ অধ্যয়ন করা এবং সেই আদর্শ অনুসারে নিজেদের জীবন গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আয়োজক সূত্রে জানা যায়, সিরাত পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য গত ২৬ থেকে ৩১ আগস্ট পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলে। পরে ৩ সেপ্টেম্বর অনলাইনে এমসিকিউ পদ্ধতিতে প্রাথমিক বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্য থেকে প্রথম ১০০ জন চূড়ান্ত পর্বের জন্য উত্তীর্ণ হন। পরবর্তী সময়ে ১৫ সেপ্টেম্বর সরাসরি লিখিত পরীক্ষার মাধ্যমে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষপর্যায়ে প্রতিযোগিতায় প্রথম থেকে দশম স্থান অর্জনকারী ১০ শিক্ষার্থীর হাতে অতিথিরা নগদ অর্থ, ক্রেস্ট, সনদ ও সিরাত গ্রন্থ তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধআবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসসের পর্ষদ পুনর্গঠন
পরবর্তী নিবন্ধমাহমুদুল হাসান