পাঁচ বছর পর ন্যান্সি জাহিদ নিরবের জুটি, নতুন গানে কী চমক?

| সোমবার , ১২ অক্টোবর, ২০২৬ at ৮:৫৫ পূর্বাহ্ণ

জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গান করেন বুঝেশুনে। বছরজুড়ে খুব কম গানে পাওয়া যায় তার কণ্ঠ। সমপ্রতি গেয়েছেন একটি গান। গান দিয়ে সংগীতশিল্পী জাহিদ নিরবের সঙ্গে জুটি হয়ে ফিরছেন তিনি। প্রায় ৫ বছর পর তাদের গাওয়া নতুন গানের নাম ‘দিওয়ানা দিল’। এই শিরোনামের গানটি প্রকাশ পেয়েছে চরকি অরিজিনাল সিনেমা হ্যাপিলি ম্যারিড–এ। আরিফিন শুভ ও কেয়া পায়েল অভিনীত সিনেমাটির আইটেম সং ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন দুই সংগীতশিল্পী। গত শুক্রবার চরকির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় গানটি। এর কথা লিখেছেন জাহিদ প্রীতম। সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গানটি প্রকাশের পর রোববার (১১ অক্টোবর) শ্রোতাদের এটি শোনার আমন্ত্রণ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন জাহিদ নিরব। সেখানে ন্যান্সির সঙ্গে কাজের স্মৃতিচারণও করেন তিনি। জাহিদ নিরব জানান, মুন্সীগঞ্জ শিল্পকলার দোতলায় বসে প্রথমবার সরাসরি ন্যান্সির গান শুনেছিলেন তিনি। সেদিন হাবিব ওয়াহিদ ইলেকট্রিক পিয়ানো বাজাচ্ছিলেন, আর ন্যান্সি গাইছিলেন ‘পৃথিবীর যত সুখ’। সেই স্মৃতি মনে পড়লে এখনো শিহরিত হন বলে জানান সংগীতশিল্পী। ন্যান্সির সঙ্গে প্রথম দ্বৈত গান করার স্মৃতিও তুলে ধরেছেন জাহিদ নিরব।

দীর্ঘ বিরতির পর ‘দিওয়ানা দিল’ দিয়ে আবারও একসঙ্গে হলেন তারা। ন্যান্সির কণ্ঠের প্রশংসা করে জাহিদ নিরব লিখেছেন, ন্যান্সি আপু কথা বললেই যেন গান হয়ে যায়! প্রকাশের পর গানটি শ্রোতাদের কাছ থেকে সাড়া পাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিবেদন। প্রকাশের দুই দিনের মধ্যে গানটির ভিউ সাড়ে ১৬ হাজার ছাড়িয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক জয়ে ফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ
পরবর্তী নিবন্ধদুর্গোৎসবে সৌরভ পিংকি’র গান