ভালো শুরুর পরও উইকেট হারানোর আক্ষেপ সাদমানের

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১০ অক্টোবর, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনের শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম মিলে উদ্বোধনী জুটি গড়েন ১২৪ রানের। কিন্তু এরপর মিডল অর্ডার ভেঙে পড়ায় প্রত্যাশামতো রান তুলতে পারেনি বাংলাদেশ। শুরু ভালো হলেও সেটা ধরে রাখতে না পারায় আক্ষেপের কথাই জানিয়েছেন ওপেনার সাদমান ইসলাম। দিনের প্রথম ভাগে আফগান বোলারদের ভালোভাবে সামলেছিল বাংলাদেশ। গড়ে উঠেছিল ভালো জুটিও। তবে লাঞ্চের পর ঘুরে দাঁড়িয়ে ম্যাচে ফেরে আফগানিস্তান। সাদমানের মতে, বিরতির পর তাদের বোলারদের সাফল্যই দিন শেষে বাংলাদেশের আট উইকেট পড়ার অন্যতম কারণ। ম্যাচ শেষে সাদমান বলেন, ‘পিচ ব্যাটিংয়ের জন্য খুব ভালো ছিল। দুর্ভাগ্যজনকভাবে, কয়েকটি বড় জুটি হওয়ার পর হঠাৎ কয়েকটি উইকেট পড়ে গেছে। সকালে আমরা আফগানিস্তানের বোলারদের খুব ভালোভাবে সামলেছি। ভালো একটা জুটিও হয়েছে। তবে লাঞ্চের পর ওরা ভালো কামব্যাক করেছে। এ কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট পেয়েছে।’ আবুধাবির গরমের সঙ্গে মানিয়ে নিতেও প্রস্তুতি কাজে দিয়েছে বলে মনে করেন এই ওপেনার। ঢাকায় প্রস্তুতি ক্যাম্পের সময় থেকেই গরম আবহাওয়ায় খেলার বিষয়টি মাথায় রেখেছিলেন ক্রিকেটাররা। পরে দুবাইয়ে প্রস্তুতি ম্যাচ খেলায় সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হয়েছে। ১১১ বলে ৬৭ রান করা সাদমান বলেন, ‘ঢাকায় অনুশীলনের সময়ই আমাদের মাথায় ছিল, দুবাইয়ে বেশ গরমের মধ্যে খেলতে হতে পারে। আমাদের প্রস্তুতি ক্যাম্পও গরমের মধ্যেই হয়েছে। এরপর দুবাইয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছি, সেখানেও অনেক গরম ছিল। এ কারণে এখানে ব্যাটিং করতে একটু সহজ মনে হয়েছে।’ এদিকে লাঞ্চের পর আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোর বিষয়টি সামনে এনেছেন ওপেনার সাদমান ইসলাম। দিনের খেলা শেষে ব্যাটিংয়ের মূল্যায়ন করতে গিয়ে সাদমানও স্বীকার করেছেন, শুরুটা আরও ভালো হতে পারত। তার মতে, উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো থাকলেও বড় জুটি গড়ার পর দ্রুত কয়েকটি উইকেট হারানোই দলকে পিছিয়ে দিয়েছে। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় সাদমান বলেন, ‘আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো ছিল। কিন্তু হয়তো আমাদের শুরুটা আরেকটু ভালো হতে পারত। পিচ ব্যাটিংয়ের জন্য খুব ভালো ছিল। দুর্ভাগ্যজনকভাবে বড় কয়েকটি জুটি হওয়ার পর হঠাৎ কয়েকটি উইকেট পড়ে গেছে।’ আফগানিস্তানের বোলারদের কৃতিত্বও দিয়েছেন এই ওপেনার, ‘লাঞ্চের পর ওরা খুব ভালো কামব্যাক করেছে। এ কারণে ওরা বেশ কয়েকটি উইকেট পেয়েছে। দিন শেষে আট উইকেট পড়ার পেছনে এটাও একটা কারণ।’

পূর্ববর্তী নিবন্ধশতায়ু অংগনের প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন
পরবর্তী নিবন্ধওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটে-বলে বিবর্ণ জ্যোতিরা