চোরাই মোটরসাইকেলসহ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

স্টেশন রোড এলাকায় অভিযান

আজাদী প্রতিবেদন | শনিবার , ১০ অক্টোবর, ২০২৬ at ১০:১৫ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলো সীতাকুণ্ডের তুলাতলী এলাকার মো. জয়নাল আবেদিনের ছেলে মো. সাইদ প্রকাশ আফ্রিদি প্রকাশ প্রান্ত (২৭) এবং একই উপজেলার উত্তর ছলিমপুর এলাকার মুহাম্মদ রবিউল হোসেনের ছেলে মো. এনামুল হক প্রকাশ জনি (৩৮)। পুলিশ জানিয়েছে, এসআই অনুপ কুমার ধর ফোর্সসহ স্টেশন রোড এলাকায় ডিউটিতে থাকাকালে মোটরসাইকেল করে আসা ওই দুই সন্দেহভাজন ব্যক্তিকে থামানোর সংকেত দেন। এ সময় তারা মোটরসাইকেল রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধরে ফেলে। পরবর্তীতে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে যে, মোটরসাইকেলটি অন্য স্থান থেকে চুরি করে নিজেদের হেফাজতে রেখেছিল। তাদের কাছ থেকে ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের একটি কালো রঙের মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর : চট্ট মেট্রো–ল–১৬–৪৫৩৬) উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজলাবদ্ধতা নিরসনের পাশাপাশি আধুনিক শহর গড়তে নতুন রূপরেখা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে হাত বাঁধা নারীর মরদেহ উদ্ধার