ফ্লাইদুবাইয়ের সেই উড়োজাহাজে চালকের কক্ষে (ককপিট) হামলার ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের ফৌজদারি তদন্তের পাশাপাশি আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বিমান নিরাপত্তা সংক্রান্ত পৃথক তদন্ত শুরু করেছে সৌদি আরব। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে উড়োজাহাজ চলাচলের সার্বিক সুরক্ষার স্বার্থেই সৌদি আরব এই নিরাপত্তা তদন্ত পরিচালনা করছে।
গত ৩০ সেপ্টেম্বর ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটটি যখন সৌদি আকাশসীমায় ছিল, তখন বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজটির সহ–চালক কুঠার নিয়ে প্রধান চালকের (ক্যাপ্টেন) ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। তবে বিমানে চরম আতঙ্ক তৈরি হলেও চালক অক্ষত অবস্থায় ফ্লাইটটি নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন। খবর বিডিনিউজের।
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসাবে খতিয়ে দেখতে ফৌজদারি তদন্ত চালাচ্ছে। অন্যদিকে, আন্তর্জাতিক বিমান চলাচল নিয়ম অনুযায়ী বিমান নিরাপত্তা সুপারিশ ও ভবিষ্যৎ ঝুঁকি এড়াতে সৌদি আরবের জাতীয় পরিবহন নিরাপত্তা কেন্দ্র আলাদা বিমান নিরাপত্তা তদন্ত শুরু করেছে। তবে সৌদি তদন্তকারীরা তাদের এই তদন্তের ফল শেষ পর্যন্ত জনসমক্ষে প্রকাশ করবেন কিনা, তা এখনো স্পষ্ট নয় বলে একটি সূত্র জানিয়েছে।











