বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর স্বীকৃতি পেলেন চবির ৭ শিক্ষক

চবি প্রতিনিধি | শুক্রবার , ৯ অক্টোবর, ২০২৬ at ৫:২৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশ্বসেরা গবেষক ও বিজ্ঞানীদের তালিকায় জায়গা করে নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষক–গবেষক। গবেষণাক্ষেত্রে তাঁদের অবদানের স্বীকৃতি হিসেবে ‘ওয়ার্ল্ডস টপ ২% সায়েন্টিস্টস’ তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্ত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক গবেষণা সাময়িকী প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’ ও যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে প্রকাশিত ‘ওয়ার্ল্ডস টপ ২% সায়েন্টিস্টস’ তালিকা অনুসন্ধানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এসব শিক্ষক–গবেষকের নাম পাওয়া যায়। বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান পাওয়া চবির শিক্ষক–গবেষকরা হলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এন এম আলমগীর, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান, রসায়ন বিভাগের অধ্যাপক ড. এস এম আবে কাউছার, একই বিভাগের প্রভাষক ইমরানুল কবির, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন এবং ইনস্টিটিউট অব মেরিন সাইন্সেসের অধ্যাপক ড. এস এম শরিফুজ্জামান। এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্‌–ফোরকান বলেন, আমাদের সহকর্মীরা এরকম সম্মানজনক স্থান অর্জন করায় আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আমরা এরকমই একটি বিশ্ববিদ্যালয় চেয়েছি এবং কাজ করে চলেছি। যেন আমাদের বিশ্ববিদ্যালয়টি গবেষণার চারণভূমিতে পরিণত হবে।

পূর্ববর্তী নিবন্ধমা ইলিশ সংরক্ষণ ২২ দিনব্যাপী অভিযানে নৌবাহিনী
পরবর্তী নিবন্ধপ্রবীণরা দেশের সম্পদ, তাঁদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে