ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয়বার পাকিস্তানকে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী ক্রিকেট দল। সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে গতকাল মঙ্গলবার বাংলাদেশ ১৩ রানে হারিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব–১৯ নারী দলকে। সিরিজের প্রথম দেখায় পাকিস্তানকে ৩০ রানে হারিয়েছিল বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে ২টিতে জয় ও ১টিতে হেরেছে বাংলাদেশ। গতকাল শ্রীলংকার কাছে ৪ উইকেটে হেরেছিল টাইগ্রেসরা। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান করে বাংলাদেশ। সাদিয়া আক্তার অপরাজিত ৩৩, ফারজানা ইয়াসমিন ২২ বলে অনবদ্য ২৮, সাদিয়া ইসলাম ২৪, নিশিতা আক্তার নিশি ২০ এবং অচেনা জান্নাত ১৭ রান করেন।
রোজিনা আকরাম ও মাহাম নাজাকাত ২টি করে উইকেট নেন। জবাবে উদ্বোধনী জুটিতে ৬৯ রানের সূচনার পরও ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। ২০ ওভারে ৭ উইকেটে ১২৬ রানে পর্যন্ত যেতে পারে স্বাগতিকরা। দলের হয়ে কোমল খান সর্বোচ্চ ৩৬, রাভিল ফারহান ও জোফিসান আইয়াজ ৩২ রান করে। বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন বোলাররা। ফারজানা ২৫ রানে ৩টি, নিশিতা আক্তার নিশি ২৮ রানে ২টি ও তিথি দাস অর্পনা ১টি উইকেট নেন। ব্যাট হাতে অনবদ্য ২৮ এবং বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বাংলাদেশের ফারজানা। আগামীকাল ৮ অক্টোবর লিগ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলংকা মুখোমুখি হবে বাংলাদেশ।












