এএফসি অনূর্ধ্ব–১৭ নারী এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের গ্রুপ ‘এইচ’–এর লড়াইয়ে স্বাগতিক উজবেকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল ৮ অক্টোবর প্রথম ম্যাচে জয় উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে প্রস্তুত হচ্ছে লাল–সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে তাশখন্দে আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার পাশাপাশি মাঠের প্রস্তুতিতে পুরোপুরি মনোযোগ দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ নারী ফুটবল দল। গতকাল মঙ্গলবার তাশখন্দের ‘উজবেকিস্তান ফুটবল একাডেমি ট্রেনিং সেন্টার’–এ চতুর্থ দিনের মতো অনুশীলনে ঘাম ঝরায় জুনিয়র টাইগ্রেসরা। এদিনের সেশনে মূলত ওয়ার্ম–আপ, রানিং ড্রিল, বল পজেশন এক্সারসাইজ এবং স্মল–সাইডেড গেমের ওপর জোর দেওয়া হয়। দলের সব খেলোয়াড়ই সুস্থ আছেন এবং ম্যাচের জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত রয়েছে। দলীয় প্রস্তুতি নিয়ে এক ভিডিও বার্তায় বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দলের ফরোয়ার্ড ও সহ–অধিনায়ক আলপি আক্তার জানান, ‘আলহামদুলিল্লাহ, আমাদের দলের অবস্থা অনেক ভালো। চার দিনের মতো সেশন শেষ হলো। পরশুদিন আমাদের খেলা, আমরা ম্যাচের জন্য সম্পূর্ণ প্রস্তুত। কালকে আমরা আরও একটি সেশন পাবো।’ স্বাগতিকদের বিপক্ষে কৌশলী ফুটবল উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে আলপি আরও বলেন, ‘আমাদের প্রথম ম্যাচ উজবেকিস্তানের সাথে। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে মাঠে লড়াই করবো এবং বাংলাদেশকে ভালো একটা জয় উপহার দিতে চাই। আমরা আশাবাদী প্রথম ম্যাচ জিতেই টুর্নামেন্ট শুরু করতে পারবো, ইনশাআল্লাহ।’ অনুশীলনে কোচিং স্টাফের কৌশলী পরিকল্পনা নিয়ে আলপি জানান, ডিফেন্ডিং, মিড–ব্লক ও অ্যাটাকিংয়ের ওপর নিবিড় কাজ হয়েছে। তবে ফরোয়ার্ড লাইনের কার্যকারিতা বাড়াতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ফিনিশিংয়ে। আলপির ভাষায়, ‘মাঝখানে আমাদের ফিনিশিংয়ে একটু ঘাটতি ছিলো। সেই ক্ষেত্রে স্যার আমাদের ফিনিশিংটা একটু বেশি করিয়েছেন। এখন ফিনিশিং অনেক ভালো, আশা করছি ম্যাচে ভালো কিছু হবে।’ বাংলাদেশের তুলনায় তাশখন্দের তাপমাত্রা অনেকটাই কম। তবে পাঁচ দিন আগে এসে পৌঁছানোয় আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে কোনো সমস্যা হচ্ছে না বলে জানান এই সহ–অধিনায়ক। আলপি জানান, ‘বাংলাদেশে অনেক গরম, কিন্তু এখানে বেশ ঠান্ডা। তবে পাঁচ দিন আগে আসায় আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার জন্য এটি যথেষ্ট ছিল। দলের সবাই আপাতত সুস্থ আছে এবং সবাই ম্যাচের জন্য প্রস্তুত।’ বুধবার বিকেলে চূড়ান্ত প্রস্তুতি সেশনে নামবে বাংলাদেশ দল। পরদিন ৮ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের কঠিন চ্যালেঞ্জ মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ নারী ফুটবল দল।












