রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ নোয়াগাঁও ফুটবল একাদশের উদ্যোগে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আয়োজিত ‘শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার স্থানীয় মাঠে সম্পন্ন হয়েছে। জমজমাট ফাইনালে রয়েল এফসি পারুয়া ফুটবল একাদশ ৬–২ গোলে ইছাখালী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা দেখতে করতে উপচে পড়া ভিড় জমে যায় মাঠে। দুই দলের আক্রমণাত্মক ও রুদ্ধশ্বাস লড়াইয়ের পাশাপাশি খেলার বাড়তি আকর্ষণ ছিল দেশের জনপ্রিয় বাংলা ঢোলবাদক শিবু জলদাশের চমৎকার বাদ্যের তালে তালে দর্শকদের আনন্দ–উল্লাস, যা পুরো মাঠজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেকান্দার হোসেন। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ মহসিন। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ভিপি আনছুর উদ্দিন। বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া পৌরসভা ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল সত্তার। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ ওসমান গণি, মোহাম্মদ ফারুকুল ইসলাম, আবু হাসান চৌধুরী আকবর, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সাইদুল ইসলাম ইফাক, মোহাম্মদ খোরশেদ আলম, আহামদুল হক, উত্তম সৈকত, মোহাম্মদ জামাল, মোহাম্মদ ফয়েজ, মোহাম্মদ আবু হানিফ, এস এম মনির হোসেন, মোহাম্মদ লিয়াকত আলী, মোহাম্মদ রফিক, নাসির উদ্দিন ছোটন প্রমুখ।












