রাঙ্গামাটি জেলা প্রশাসক প্রমীলা কাবাডি টুর্নামেন্টে জুরাছড়ি উপজেলা চ্যাম্পিয়ন

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ৬ অক্টোবর, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

রাঙ্গামাটি জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলা কুমার সুমিত রায় জিমনেসিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় জুরাছড়ি উপজেলা ৩১–২৪ পয়েন্টে কাউখালী উপজেলাকে পরাজিত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী এবং রাঙ্গামাটির সাবেক জেলা শিক্ষা অফিসার অঞ্জলিকা খীসা। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। এই টুর্নামেন্টে রাঙ্গামাটি জেলার ১০টি উপজেলা থেকে ১০টি টিম অংশ নেয়।

পূর্ববর্তী নিবন্ধআরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ড্র করল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধটেস্ট খেলতে আরব আমিরাত গেছেন অধিনায়ক শান্ত