মাহমুদুন্নবী চৌধুরী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী

| রবিবার , ৪ অক্টোবর, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ পরিচালিত মাহমুদুন্নবী চৌধুরী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

গতকাল শনিবার পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, উপ–সচিব মোহাম্মদ শামছুল ইসলাম, মাহমুদুন্নবী চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিজিএমইএ’র পরিচালক মোহাম্মদ সাইফ উল্যাহ মানসুর প্রমুখ। ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চট্টগ্রাম টিভেট সেন্টারের ইনচার্জ প্রকৌশলী এমরান হোসেন এবং সংশ্লিষ্ট প্রশিক্ষকবৃন্দ।

পরিদর্শনকালে মোহাম্মদ সাইফ উল্যাহ মানসুর মন্ত্রীকে প্রতিষ্ঠানের বিভিন্ন কারিগরি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখান। তিনি প্রশিক্ষণার্থীদের দক্ষতা অর্জন এবং প্রশিক্ষণ–পরবর্তী কর্মসংস্থান (জব প্লেসমেন্ট) সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। তিনি জানান, বেকার তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশ–বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির ওপর প্রতিষ্ঠানটি বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে।

প্রতিষ্ঠানটিতে কম্পিউটার, ড্রাইভিং, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং, সুইং মেশিন অপারেশন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এবং প্লাম্বিংসহ বিভিন্ন চাহিদাভিত্তিক কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ নিশ্চিত করতে ফাউন্ডেশনের সহায়তা অব্যাহত রাখার কথা বলেন।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কার্যক্রম এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ ও অর্জনে সন্তোষ প্রকাশ করেন। তিনি বিদেশে দক্ষ জনশক্তি পাঠানোর কার্যক্রমে প্রতিষ্ঠানটিকে সম্পৃক্ত করার আশ্বাস দেন। বিশেষ করে বাংলাদেশ ও জর্ডানের তৈরি পোশাক খাতের জন্য দক্ষ কর্মী তৈরি এবং অস্ট্রেলিয়ার শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠাতে প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কার্যক্রম কাজে লাগানোর কথা বলেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধএনসিটি ও সিসিটি ইজারা প্রক্রিয়া বাতিল দাবি
পরবর্তী নিবন্ধধর্মীয় অনুশাসন মেনে চললে সুন্দর পরিবেশ পাবো