ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

| বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের জনগণের কল্যাণে নয়াদিল্লির সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কাজ করার বিষয়ে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর বাসসের।

সাক্ষাৎকালে ভারতীয় হাইকমিশনার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান। তারা দ্বিপক্ষীয় ইস্যু এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলি নিয়ে আলোচনা করেন। নিউইয়র্কে সদ্য সমাপ্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের বিভিন্ন বিষয়ও আলোচনায় স্থান পায়।

পূর্ববর্তী নিবন্ধশিকলবাহায় ফুটওভার ব্রিজের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
পরবর্তী নিবন্ধরৌফাবাদ হোস্টেল ভবন সম্প্রসারণ ও সক্ষমতা প্রকল্প অনুমোদন