কঙবাজার পৌরসভার সাবেক মেয়র মো. মুজিবুর রহমানের বিরুদ্ধে জমি, প্লট ও হোটেল দখল, মদের ব্যবসা, মেগা প্রকল্পে কমিশন গ্রহণ, রাস্তা ও হোটেলে চাঁদাবাজি এবং পৌরসভার উন্নয়নমূলক কাজে ১০ শতাংশ হারে ঘুষ গ্রহণসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে প্রাথমিক অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদক প্রধান কার্যালয়ে জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন। খবর বাসসের।
দুদকের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, কঙবাজার পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে টমটম (ইজিবাইক) লাইসেন্সে অনিয়ম, মৎস্য প্রজেক্ট দখল এবং মনোনয়ন বাণিজ্যেরও অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে কমিশন কর্তৃক প্রাথমিক অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুজিবুর রহমান সদর থানার পূর্ব নতুন বাহারছড়া এলাকার বিমানবন্দর সড়কের বাসিন্দা। দুদকের তথ্য অনুযায়ী, অভিযোগ সংশ্লিষ্ট মুজিবুর রহমানের বিরুদ্ধে উল্লিখিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।











