চট্টগ্রামের বিভিন্ন আদালত থেকে কৌশলে মামলার বাদীদের মোবাইল নম্বর সংগ্রহ করতেন। এরপর প্রতিবেদন পক্ষে দেওয়া ও তদন্তের খরচের কথা বলে নগদ, বিকাশের মাধ্যমে বিভিন্ন অংকের টাকা হাতিয়ে নিতেন মো. মোজাম্মেল হক কবির (৫০)। নিজেকে পরিচয় দিতেন পিবিআই, সিআইডি ও ডিবি পুলিশের কর্মকর্তা হিসেবে।
তবে শেষ রক্ষা হয়নি। গত শুক্রবার নোয়াখালী জেলার সুধারাম থানার গৌরীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সুধারাম থানার গৌরীপুরের খরিফারহাট এলাকার এই বাসিন্দা বিচারপ্রার্থীদের কাছ থেকে টাকা আত্মসাৎ চক্রের মূল হোতা।
পিবিআই জানায়, পিবিআই তদন্ত করছে এমন একটি মামলার বাদীর কাছ থেকে টাকা আত্মসাৎ করেছিলেন মোজাম্মেল হক কবির। এ ঘটনায় ২৩ সেপ্টেম্বর তার বিরুদ্ধে রাউজান থানায় একটি মামলা দায়ের করেন পিবিআই চট্টগ্রাম জেলার উপপরিদর্শক (এসআই) মো. আবু সুফিয়ান। একসময় একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করে আসা মোজাম্মেলের বর্তমানে নির্দিষ্ট কোনো পেশা নেই। প্রায় ২ বছর ধরে তিনি চট্টগ্রাম আদালত ভবনে ঘুরে বিভিন্ন মামলা ও মামলার বাদীদের তথ্য সংগ্রহ করে প্রতারণা করে আসছেন। মূলত পক্ষে প্রতিবেদন দেওয়া, তদন্তের খরচ ও গাড়ি ভাড়াসহ বিভিন্ন কথা বলে নগদ, বিকাশের মাধ্যমে তিনি টাকা আদায় করতেন। তার মাধ্যমে প্রতারিত হয়েছেন অনেকে।
পিবিআই সূত্র জানায়, বিচারপ্রার্থীদের কাছ থেকে টাকা আত্মসাতের এ চক্রের একটি কৌশল রয়েছে। সেটি হচ্ছে চক্রটি চট্টগ্রামের বিভিন্ন আদালত থেকে কৌশলে বিভিন্ন মামলার বাদীদের মোবাইল নম্বর সংগ্রহ করতেন। পরে নিজেদের পিবিআই, সিআইডি বা ডিবির তদন্ত কর্মকর্তা পরিচয় দিয়ে মামলায় বাদীর পক্ষে রিপোর্ট দেওয়ার কথা বলে বিশ্বাস অর্জন করতেন।
পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হেসেন জানান, মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যেই আমরা মোজাম্মেল হক কবিরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, চক্রের সদস্যরা অন্যের নামে সিম নিবন্ধন করায় তাদের শনাক্ত করতে সময় লাগছিল। তবে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সেগুলো বিশ্লেষণের মাধ্যমে মোজাম্মেল হক কবিরের অবস্থান শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোজাম্মেল প্রতারণার কথা স্বীকার করেছেন এবং তার সহযোগীদের বিষয়েও তথ্য দিয়েছেন। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।










